দালাল দিয়ে সরকারি কাজ, কাশিমপুর ভূমি অফিসে ৪ জন বরখাস্ত
অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—কাশিমপুর ভূমি অফিসে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম, দাপ্তরিক কাজে অবহেলা এবং দালালের মাধ্যমে সরকারি সেবা পরিচালনার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে জেলা প্রশাসক বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন।
এরই ধারাবাহিকতায় সোমবার কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তিনি দেখতে পান, সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়া, দায়িত্ব পালনে অবহেলা এবং প্রশাসনিক অনিয়মের একাধিক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা দাপ্তরিক কার্যক্রমের প্রয়োজনীয় দলিলপত্র ও রেকর্ড উপস্থাপন করতে পারেননি। এমনকি নামজারির সফটওয়্যার সংক্রান্ত তথ্যও দেখাতে ব্যর্থ হন। অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।
কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনের পর জেলা প্রশাসক কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে কিছু অনিয়মের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন