নতুন এজেন্ট শাখা অনুমোদনে তথ্য গোপনের অভিযোগ, বিতর্কে ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখা ঘিরে বিতর্ক।
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের অনুমোদনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। আগে থেকে পরিচালিত এজেন্ট ব্যাংকিং কর্তৃপক্ষ অভিযোগ করেছে, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে এবং তথ্য গোপন করে নতুন আউটলেটের অনুমোদন নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সব নিয়ম মেনেই অনুমোদন দেওয়া হয়েছে।
দুলালপুর মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের বিদ্যমান এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ রেজাউল করিম জানান, ২০২০ সালের জুলাই মাসে তাদের কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন লোকসানের পর ২০২৫ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় পৌঁছায়। এমন সময় একই ইউনিয়নের গরবাড়ি বাজারে নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তার দাবি, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত দূরত্বের মধ্যে একই ব্যাংকের আরেকটি এজেন্ট আউটলেট অনুমোদনের সুযোগ নেই। অভিযোগ করে তিনি বলেন, তথ্য গোপন করেই নতুন শাখার অনুমোদন নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নতুন আউটলেটের উদ্যোক্তা আরিফুল রহমানের পরিবারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অনুমোদন আদায় করা হয়েছে।
বিদ্যমান এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মোর্শেদ আলম জানান, বিষয়টি নিয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে শিবপুর ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক কিবরিয়া বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা পর্যালোচনা করেই নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের অনুমোদন দেওয়া হয়েছে। কোনো নিয়ম লঙ্ঘনের সুযোগ নেই।
একই বক্তব্য দিয়েছেন ইসলামী ব্যাংকের পলাশ শাখার সহ-সভাপতি অহিদুল ইসলাম। তিনি বলেন, নতুন আউটলেট অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।
অন্যদিকে, বিদ্যমান এজেন্ট ব্যাংকিং আউটলেটের ক্যাশ ইনচার্জের দাবি, নতুন শাখাটি চালু হলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং চলমান এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দুর্বল হয়ে পড়বে।
এ ঘটনায় স্থানীয় গ্রাহক ও এলাকাবাসী বাংলাদেশ ব্যাংকের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন