অনিয়মে লক্ষ্মীপুরের দুই স্বাস্থ্যপ্রতিষ্ঠানকে জরিমানা
লক্ষ্মীপুরে লাইসেন্স সংক্রান্ত অনিয়ম, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে একটি বেসরকারি হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের রামগতি সড়ক এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্সবিহীন কার্যক্রম, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সেবা দেওয়ার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে মিলেনিয়াম হাসপাতালে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্রের অভাব এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ট্রাস্ট মেডিকেল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষণ এবং পুরোনো এক্স-রে মেশিন ব্যবহার করে রোগী পরীক্ষা করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার বলেন, অভিযানের সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন