টুঙ্গিপাড়ায় ‘৩৬ শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে দ্বিতীয়বারের মতো আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আগের ঘটনায় অবশিষ্ট থাকা অংশও সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার (৩ আগস্ট) গভীর রাতে কে বা কারা তোরণটিতে আবারও আগুন ধরিয়ে দেয়। এর আগে শনিবার রাতে একই তোরণে আগুন লাগানো হয়েছিল।
জানা গেছে, উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। প্রথম দফার অগ্নিসংযোগে তোরণের একটি অংশ এবং সংশ্লিষ্ট কয়েকজন নেতার নাম ও ছবি ক্ষতিগ্রস্ত হয়। পরদিন রাতে অবশিষ্ট অংশেও আগুন লাগানো হলে পুরো তোরণটি পুড়ে যায়।
টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, শহীদ ও আহতদের স্মরণে নির্মিত তোরণে পরপর দুই দফা আগুন দেওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনাকে জুলাই যোদ্ধাদের প্রতি অবমাননা উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, প্রথম ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। দ্বিতীয়বার অগ্নিসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন