ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষ পাঁচে ১৯ বছর বয়সী ফুটবলার.
বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হলেও ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ২০২৬ সালের ব্যালন ডি’অর। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স এবং ক্লাব মৌসুমে ধারাবাহিক নৈপুণ্যের ভিত্তিতে একাধিক তারকা ফুটবলার উঠে এসেছেন মর্যাদাপূর্ণ এই পুরস্কারের দৌড়ে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন রদ্রি, হ্যারি কেইন, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।
রদ্রি সবার ওপরে
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের পাশাপাশি স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্লাব ফুটবলে ইনজুরি থেকে ফিরে মৌসুমের শুরুটা কিছুটা ধীরগতির হলেও বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স তাকে আবারও ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদারে পরিণত করেছে।
কেইনের গোলঝড়ে দ্বিতীয় স্থান
দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে ২০২৫-২৬ মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করে ইউরোপের অন্যতম সফল গোলস্কোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। পাশাপাশি লিগ ও কাপ ডাবল জয়ের পাশাপাশি বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেন। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে কেইনই সবচেয়ে শক্তিশালী দাবিদার।
মাত্র ১৯ বছরেই ইতিহাস গড়া ইয়ামাল
তৃতীয় স্থানে রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ—দুই বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের কীর্তি গড়েছেন তিনি। বার্সেলোনার হয়েও দুর্দান্ত মৌসুম কাটানো এই উইঙ্গারকে ভবিষ্যতের ব্যালন ডি’অরের অন্যতম সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা।
চারে এমবাপ্পে
চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি, তবুও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন অনন্য।
শীর্ষ পাঁচে মেসি
পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। শেষ পর্যন্ত শিরোপা না জিতলেও পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, বয়স কেবল একটি সংখ্যা—বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখনও ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই কিংবদন্তি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন