যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কাজিরহাটের নটাখোলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালাচ্ছে।
নিখোঁজ দুই কিশোর হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) এবং পাবনার দিলালপুর এলাকার মিঠুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই
কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় আত্মীয় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে তারা ভেসে যায়। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করলেও তাদের উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, নিখোঁজ দুই স্কুলছাত্রকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
ঘটনার পর দুই পরিবারের স্বজনদের মধ্যে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন