ভারতীয় কাঁচামরিচে স্বস্তি, কেজিতে কমল ৮০-৯০ টাকা
দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানি শুরুর মাত্র একদিনের মধ্যেই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। কাঁচামরিচের দাম কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৭০ মেট্রিক টন ৮৮০ কেজি কাঁচামরিচ দেশে এসেছে। এর আগে সোমবার প্রথম দফায় ৪টি ট্রাকে ২৯ মেট্রিক টন ৪৪০ কেজি এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত আরও ৬টি ট্রাকে ৪১ মেট্রিক টন ৪৪০ কেজি কাঁচামরিচ আমদানি করা হয়।
হিলি বাজার ও আশপাশের খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় কাঁচামরিচ বর্তমানে প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে সোমবার দেশি কাঁচামরিচের দাম ছিল ২৪০ থেকে ২৫০ টাকা। একদিনের ব্যবধানে খুচরা বাজারে দাম নেমে এসেছে ১৫০ থেকে ১৭০ টাকায়।
হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, ভারতীয় কাঁচামরিচ বাজারে আসায় সরবরাহ বেড়েছে এবং দেশি মরিচের ওপর চাপ কমেছে। বর্তমানে তারা প্রতি কেজি ১৪০ টাকায় কিনে ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি করছেন। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমতে পারে বলে আশা করছেন তিনি।
খুচরা বিক্রেতা তারেক হোসেন বলেন, পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় তারাও কম দামে কাঁচামরিচ বিক্রি করতে পারছেন।
আমদানিকারক সাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে কাঁচামরিচ আসার খবর ছড়িয়ে পড়তেই বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এর ফলে একদিনেই কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত দাম কমেছে। নিয়মিত আমদানি হলে বাজার আরও স্থিতিশীল হবে।
বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা সাইদুল হক ও গৃহিণী আমেনা বেওয়া বলেন, কয়েকদিন ধরে কাঁচামরিচের উচ্চ দামে সংসারের বাজেট এলোমেলো হয়ে গিয়েছিল। এখন দাম কমায় সাধারণ মানুষের কিছুটা স্বস্তি ফিরেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, এই বন্দরের ৬৯ জন আমদানিকারক প্রায় ২৯ হাজার ৭১০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। পচনশীল পণ্য হওয়ায় দ্রুত কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়া হচ্ছে, যাতে ব্যবসায়ীরা কোনো ক্ষতির মুখে না পড়েন।
হিলি স্থল কাস্টম স্টেশনের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান বলেন, বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের অনুমতির পর আমদানি শুরু হয়েছে। কাস্টমস থেকে দ্রুত পণ্য খালাসে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন