বাংলাদেশ সফরে মালয়েশিয়া, সূচি প্রকাশ
অস্ট্রেলিয়ায় জাতীয় দলের ব্যস্ততার মধ্যেই বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের এই সফরে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৫ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে মালয়েশিয়া দল। সফরে তারা দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
বিসিবির সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজে মালয়েশিয়ার প্রতিপক্ষ হবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, আর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১০ আগস্ট। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শুরু হবে দুপুর ২টায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে মালয়েশিয়া ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তিন ম্যাচের এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২, ১৪ ও ১৬ আগস্ট।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
এই সফরকে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বিসিবি। একই সঙ্গে মালয়েশিয়ার জন্যও এটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের একটি বড় মঞ্চ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন