গৃহবধূর ঘর থেকে আটক জামায়াতকর্মী, আদালতে প্রেরণ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি বাড়ি থেকে এক জামায়াতকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে দেবহাটা থানা পুলিশ তাকে আদালতে পাঠায়। এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক শরিফুল ইসলাম মোড়ল উপজেলার আজিজপুর গ্রামের বাসিন্দা এবং মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী এবং ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাউনশ্রীপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে শরিফুল ইসলামের অনৈতিক সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর বাড়িতে গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। পরে তাকে সেখান থেকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে, ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম দলের একজন সক্রিয় কর্মী। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, স্থানীয়দের মাধ্যমে আটক এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন