৭ মাসের শিশু আপাতত থাকছে কিশোরী মায়ের কাছেই
ঢাকার হাজারীবাগের আলোচিত ঘটনায় সাত মাস বয়সী শিশুটিকে আপাতত তার কিশোরী মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়। তবে শিশুটির স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে সিদ্ধান্ত হবে পারিবারিক আদালতে।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অনুষ্ঠিত চূড়ান্ত শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান।
তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সাত মাস বয়সী দুগ্ধপোষ্য শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত তাকে মায়ের কাছেই রাখা হবে। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্বের বিষয়টি পারিবারিক আদালতের রায়ের ওপর নির্ভর করবে।
শুনানিতে কিশোরী মা সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক বা অন্য কোনো ভিডিও প্রকাশ না করার অঙ্গীকার করেন। একই সঙ্গে শিশুকে নিজের কাছে রেখে তার লালন-পালনে মনোযোগ দেওয়ার কথাও জানান।
এদিকে কিশোরীর পরিবারের পক্ষ থেকে তাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া, কথিত বিয়ে, যৌন নির্যাতন ও প্রতারণার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতির কথা জানানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, কিশোরীর বয়স প্রাপ্তবয়স্ক ছিল এবং তারা পারিবারিক আদালতে ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।
শুনানিতে উভয় পক্ষকে পৃথকভাবে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। পরে শিশুর বয়স, আইনগত বিধান এবং মানবিক দিক বিবেচনায় তাকে আপাতত মায়ের হেফাজতে রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।
এর আগে গত ১ জুলাই কিশোরী লিগ্যাল এইড কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পরে শিশুকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়। সোমবার শিশুটিকে উদ্ধার করা হয় এবং মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে লিগ্যাল এইড কার্যালয় আপাতত শিশুটিকে মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত দেয়।
তবে মামলাসংক্রান্ত অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুর স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সংশ্লিষ্ট পারিবারিক আদালত।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন