জুলাই দিবসে চাঁদপুরে ম্যারাথন, দৌড়ালেন পাঁচ শতাধিক প্রতিযোগী
জুলাই দিবসের স্মৃতি ধারণ এবং তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ম্যারাথন প্রতিযোগিতা। বুধবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ম্যারাথনটি চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম শেষে আবারও কলেজ মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক দৌড়বিদ অংশ নেন। পুরো আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ, আর অংশগ্রহণকারীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের ভাষ্য, জুলাই অভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলা এবং স্বাস্থ্যসচেতন জীবনধারা গড়ে তুলতেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, জুলাই দিবস জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে ইতিহাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি দেশপ্রেম ও শারীরিক সুস্থতার চর্চায় উৎসাহিত করবে।
জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে এমন আয়োজন আরও বিস্তৃত হওয়া উচিত।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন