পরিচয় নিশ্চিত করেই বিএনপি নেতার ওপর হামলা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির এক নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় নিজ বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত নাফিজ আহমেদ খান রাজু (৪৫) খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় বাড়ির গেটের সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে পরিচয় জানতে চান। পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা তার ওপর হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করে এবং লোহার হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা গুলিবর্ষণ এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা ঘটনাস্থলে অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নাফিজ আহমেদকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর স্থানীয়দের একাংশের ধারণা, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তাকে ভয়ভীতি প্রদর্শন বা নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে এ হামলা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশ হয়নি।
আহত নাফিজ আহমেদ অভিযোগ করে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতেই পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, এর আগে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে প্রশাসনকে অবহিত করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও খোকসা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম বলেন, রাজুর চিৎকার শুনে বাইরে বের হয়ে তিনি গুলির শব্দ ও ককটেল বিস্ফোরণ দেখতে পান। তার অভিযোগ, হামলার কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করে পালিয়ে গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন