গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১৪ জেলে
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে হামলা চালিয়ে ১৪ জেলেকে মারধর করেছে জলদস্যুরা। হামলার সময় ট্রলার থেকে প্রায় তিন লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার (৫ আগস্ট) ভোর রাতে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর সাগরে থাকা এফবি মিম নামের একটি মাছধরা ট্রলারে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর আহত জেলেরা সকাল ৯টার দিকে তীরে ফিরে প্রথমে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা নেন। গুরুতর আহত ট্রলারের মাঝি আইউব আলীকে পরে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া জিহাদ, রিপন ও শামিমসহ আরও কয়েকজন আহত জেলের চিকিৎসা চলছে। তাদের সবার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।
আহত জেলে জিহাদ জানান, গত ৩০ জুলাই ১৪ সদস্যের জেলে দল নিয়ে তারা মাছ ধরতে গভীর সাগরে যান। বুধবার ভোরে কয়েকটি বড় ট্রলার নিয়ে একদল জলদস্যু তাদের ঘিরে ফেলে। এরপর ট্রলারে উঠে প্রথমেই মাঝি আইউব আলীর ওপর নির্মম হামলা চালায়। পরে একে একে ট্রলারে থাকা অন্য জেলেদেরও মারধর করা হয়।
তার অভিযোগ, জলদস্যুদের হাতে ধারালো অস্ত্র থাকায় তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। প্রাণভিক্ষা চাইলেও হামলাকারীরা নির্যাতন বন্ধ করেনি।
ট্রলার মালিক ইব্রাহিম জানান, জেলেদের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে জলদস্যুদের কাছে ট্রলারে থাকা সব মূল্যবান মালামাল ছেড়ে দিতে হয়েছে। তিনি বলেন, প্রায় তিন লাখ টাকার মাছ, মাছ ধরার জাল ও জ্বালানি তেল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। সেসময় মোবাইল নেটওয়ার্ক না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে নেটওয়ার্ক এলাকায় এসে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করলেও তাৎক্ষণিক সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, আহতদের নিয়ে সকালে কোনোমতে তীরে ফিরে হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত মাঝি আইউব আলীর চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নেওয়ার প্রস্তুতি চলছে। হামলাকারীরা পাথরঘাটা এলাকার জলদস্যু চক্রের সদস্য হতে পারে বলেও ধারণা করছেন তিনি।
এ বিষয়ে পায়রা বন্দর নৌ পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, আহত জেলেদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ডাকাতির ঘটনায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন