এআই ক্যামেরায় ধরা স্বর্ণ ছিনতাইকারী
নওগাঁ জেলা পুলিশের সদ্য স্থাপিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিসমৃদ্ধ সিসিটিভি ক্যামেরার সহায়তায় আলোচিত স্বর্ণ ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। প্রযুক্তিনির্ভর তদন্ত ও আন্তঃজেলা যৌথ অভিযানে যশোর থেকে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাতে নওগাঁ শহরের তাজের মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পাল ঢাকা থেকে বাসে করে নওগাঁ ফেরার পর বাস থেকে নামতেই একটি সংঘবদ্ধ চক্র তার কাছ থেকে প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়। মামলা দায়েরের পর তদন্তে নামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তদন্তের একপর্যায়ে এআই-সংযুক্ত সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য এবং বিভিন্ন টোল প্লাজার ডেটা বিশ্লেষণ করে ছিনতাইকারীদের ব্যবহৃত কালো রঙের একটি মাইক্রোবাস ও তাদের চলাচলের রুট শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট যশোর জেলা পুলিশের সহযোগিতায় কোতোয়ালি এলাকা থেকে চক্রের অন্যতম সদস্য ও মাইক্রোবাসচালক মো. জামাল হোসেন ফুলনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামাল হোসেন ফুলন জানান, চার সদস্যের একটি দল কল্যাণপুর থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অনুসরণ করে নওগাঁ পর্যন্ত আসে এবং সুযোগ বুঝে তাজের মোড়ে তার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন