ধসের মাঝে একাই লড়ছেন মিরাজ, বিপদে বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। একের পর এক ব্যাটার ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে দলের আশা জিইয়ে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত লড়াই করে তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের ৬৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৮ রান। ৯৩ বলে ৫৪ রানে অপরাজিত রয়েছেন মিরাজ। অপর প্রান্তে হাসান মাহমুদ ৫ বল মোকাবিলা করেও এখনো রানের খাতা খুলতে পারেননি।
দিনের শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৭ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজীদ হাসান তামিম, কোনো রানই করতে পারেননি তিনি। আরেক ওপেনার সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ে ৪৭ বলে ৩১ রান করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।
এরপর মিডল অর্ডারের অভিজ্ঞ ব্যাটাররাও হতাশ করেন। মুমিনুল হক ৫৯ বলে ১৬ রান করে বিদায় নেন। মুশফিকুর রহিম ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।
দলের বিপর্যয়ের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তরুণ অমিত হাসান কিছুটা প্রতিরোধ গড়েন। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত দুজন উইকেট সামলে রাখলেও বিরতির পরই সেই জুটি ভেঙে যায়। শান্ত ৫৩ বলে ৩৭ রান করে আউট হন। এরপর অমিত হাসানও ৬১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন।
এরপর মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের জুটিতে কিছুটা স্বস্তি ফিরে পায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ৪৮ রান। তবে ৫৫তম ওভারে ৩৬ বলে ৩৬ রান করে আউট হন সৌম্য সরকার।
পরে তাইজুল ইসলামকে নিয়ে আরেকটি ছোট জুটি গড়েন মিরাজ। দুজনে ৩০ রান যোগ করলেও ১৫ বলে ১০ রান করে আউট হন তাইজুল। এর মধ্যেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন মিরাজ।
একের পর এক উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ভরসা মেহেদী হাসান মিরাজ। দিনের বাকি সময় তিনি কতদূর দলকে এগিয়ে নিতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন