নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি জানান, নদীদূষণ নিয়ন্ত্রণে প্রতিটি শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, শুধু বুড়িগঙ্গা নয়, পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে একটি কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন