নওগাঁয় মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
নওগাঁর বদলগাছী উপজেলার মুক্তিনগড় দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ফিতা কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতের অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন এই একাডেমিক ভবন শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং পাঠদানের মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার গুণগত মানোন্নয়নের ওপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন