তাহিরপুরে যৌথ অভিযানে উদ্ধার ১ লাখ ৩১ হাজার ভারতীয় পাতার বিড়ি, পালালেন অভিযুক্ত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত কুদ্দুস মিয়া ওরফে ‘বিড়ি কুদ্দুস’ পালিয়ে যান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এবং মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ফকিরনগর গ্রামের কুদ্দুস মিয়ার (পিতা: শব্দর আলী) বাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
পরে উদ্ধার করা বিড়িগুলো বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজলের কাছে হস্তান্তর করা হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল জানান, উদ্ধার হওয়া ভারতীয় বিড়ির ঘটনায় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় অভিযানও অব্যাহত রয়েছে।
স্থানীয় মাদকবিরোধী সংগঠনের নেতারা জানান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অবস্থান 'জিরো টলারেন্স'। সমাজ থেকে মাদক ও চোরাই পণ্যের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন