দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল উগান্ডার জাতীয় দলের অধিনায়কের
উগান্ডার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং দেশটির ঐতিহ্যবাহী ক্লাব এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার দুই দিন পর মারা গেছেন। তার অকাল মৃত্যুতে উগান্ডার ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাজধানী কাম্পালার একটি উপশহরে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন ২৮ বছর বয়সী ওওরি। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেভিড ওওরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উগান্ডা ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তিনি শুধু একজন দক্ষ ফুটবলারই ছিলেন না, বরং নেতৃত্বগুণ, বিনয় ও নিষ্ঠার জন্য সতীর্থদের কাছে ছিলেন অনুকরণীয়। জাতীয় দল ও এসসি ভিলার হয়ে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
ওওরির মৃত্যু এমন এক সময়ে হলো, যখন কয়েক সপ্তাহ আগেই কাম্পালায় হামলার ঘটনায় প্রাণ হারান উগান্ডা জাতীয় রাগবি দলের খেলোয়াড় সিডনি গঙ্গোদি। ওই ঘটনায় তাকে চোর সন্দেহে গণপিটুনির শিকার হতে হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।
একের পর এক ক্রীড়াবিদের সহিংস মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে উগান্ডার জাতীয় ক্রীড়া পরিষদ। সংস্থাটি এসব ঘটনার দ্রুত তদন্ত, দোষীদের বিচার এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে, উগান্ডার ডেপুটি স্পিকার থমাস তাইয়েবা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ডেভিড ওওরির নেতৃত্বেই গত মৌসুমে দীর্ঘ ২০ বছরের শিরোপাখরা কাটিয়ে উগান্ডা প্রিমিয়ার লিগের শিরোপা জেতে এসসি ভিলা। ক্লাবটির ইতিহাসে এটি ছিল রেকর্ড ১৭তম লিগ শিরোপা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন