বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
বিশ্বকাপ চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গিয়েছিল হোর্হে মেসির। দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভোগার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন লিওনেল মেসির বাবা। ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওতে নিজ জন্মভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাবার মৃত্যুর খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দ্রুত রোজারিওতে ছুটে যান বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। ছেলের দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে সবসময় ছায়ার মতো পাশে থাকা বাবাকে শেষ বিদায় জানাতেই দেশে ফিরেছেন তিনি।
এএফপির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মারা যান হোর্হে মেসি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে মেসি পরিবার ও বিশ্ব ফুটবলে।
বাবার মৃত্যুর খবর পাওয়ার পর ফোর্ট লডারডেল থেকে বিমানে করে শনিবার রাতে রোজারিও বিমানবন্দরে পৌঁছান মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন তারা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রোজারিওর কাছাকাছি একটি শহরে পারিবারিক পরিসরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হোর্হে মেসির দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই মেসির বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে সমাধিস্থলের আশপাশে ভিড় করছেন অসংখ্য ভক্ত-সমর্থক।
হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ব ফুটবলের অনেক নামী ক্লাব। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ বিভিন্ন ক্লাব শোকবার্তা প্রকাশ করেছে। মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ এবং রোজারিও সেন্ট্রালও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
বাবাকে হারিয়ে কঠিন এই সময়ে মেসি ও তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত ও ফুটবলপ্রেমী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন