ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পেয়ারা বাগান ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত।
পরিদর্শনকালে স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে চাষিদের কাছ থেকে তথ্য নেন রাষ্ট্রদূত।
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান পেয়ারা বাজারের ঐতিহ্যে মুগ্ধতা প্রকাশ করে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, এখানকার প্রাকৃতিক পরিবেশ ও ভাসমান বাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়। ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে এ ফলের উৎপাদন রয়েছে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে নিজ দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথা জানান মার্কিন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে ভীমরুলী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। পরিদর্শনের সময় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে আসেন।
মার্কিন রাষ্ট্রদূতের এ সফর স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন