অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরলেন মিঠুন
হাতের জটিল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার (৮ আগস্ট) হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিঠুন বলেন, হাসপাতালে তিন দিন কীভাবে কেটে গেছে, তিনি বুঝতেই পারেননি। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেতা।
তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পুরো দল তাঁকে সুস্থ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি হাসপাতালে নার্সদের কাছ থেকেও তিনি যথেষ্ট যত্ন ও সহযোগিতা পেয়েছেন বলে জানান।
মিঠুন জানান, অস্ত্রোপচারের দিনই তাঁর হাতের আঙুল দিয়ে কিছু ধরার সক্ষমতা ফিরে আসতে শুরু করে। দ্রুত সুস্থ হয়ে ওঠার পেছনে চিকিৎসক ও নার্সদের সেবার কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার মিঠুনের ডান হাতে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়, অস্ত্রোপচার সফল হয়েছে। এর আগে একই হাতের কনুইয়ে অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। নতুন অস্ত্রোপচারের পর তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন জানান, মিঠুনের হাতের সমস্যাটি কিছুটা জটিল ছিল। এর আগে অন্য একটি হাসপাতালে তাঁর কনুইয়ে অস্ত্রোপচারের সময় একটি প্লেট বসানো হয়েছিল। পরবর্তী সময়ে ওই প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে যায়। প্লেটের স্ক্রুগুলোও নার্ভের ওপর চাপ তৈরি করছিল।
চিকিৎসক জানান, শুধু প্লেটটি সরিয়ে ফেললেই সমস্যার সমাধান সম্ভব ছিল না। নার্ভটিকে আলাদা করে মুক্ত করার পাশাপাশি এমনভাবে অন্য স্থানে স্থাপন করতে হয়েছে, যাতে হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে আসে। এবারের অস্ত্রোপচারে সেই প্রক্রিয়াই সম্পন্ন করা হয়েছে।
এদিকে শুক্রবার সকালে হাসপাতালে মিঠুনকে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ শেষে তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি মিঠুন তাঁকে আগেই জানিয়েছিলেন।
শুক্রবার রাতেই অভিনেতা দেবও হাসপাতালে গিয়ে মিঠুনের সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।
সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে আপাতত বাড়িতে ফিরেছেন মিঠুন চক্রবর্তী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন