অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
এ সময় মিজানুর রহমান তাদের কাজে বাধা দেন এবং চড়াও হন বলে অভিযোগ পুলিশের। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদেরও তিনি আঘাত করেন বলে দাবি করা হয়েছে।
পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
যেভাবে ‘ভাইরাল মিজান’
রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান পরিচালনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান। তার দোকানে মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, ডাল ও আলু খাওয়ার সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই দোকানটি আলোচনায় আসে।
‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’ নামে দোকানটির প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে অনেকে এটিকে ‘গরিবের বুফে’ নামেও অভিহিত করেন।
দোকানে খাবার পরিবেশন ও খাওয়ার নানা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মিজানুর রহমান পরিচিত হয়ে ওঠেন ‘ভাইরাল মিজান’ নামে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন