জো বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ক্যান্সারটি এখন হাড় ছাড়িয়ে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে এসব কথা বলেন হান্টার বাইডেন।
হান্টার জানান, চিকিৎসা চললেও জো বাইডেনের ক্যান্সার ছড়িয়ে পড়ছে। রোগটি তাকে শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছে এবং প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। বাবার এমন শারীরিক অবস্থা দেখা তার জন্য অত্যন্ত কষ্টকর বলেও জানান তিনি।
গত বছরের মে মাসে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক মাস পর জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, ক্যান্সার ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে।
এরপর বাইডেনের চিকিৎসা শুরু হয়। রেডিয়েশন ও হরমোন থেরাপির মাধ্যমে তার চিকিৎসা চলছিল। তবে চিকিৎসার মধ্যেও রোগটি আরও ছড়িয়ে পড়ছে বলে এখন জানালেন তার ছেলে।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ব্যক্তি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৮১ বছর বয়সে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে নির্বাচনী বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর নিজ দলের ভেতর থেকেই চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান বাইডেন। পরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে অংশ নিলেও ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন