খুঁজুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ, ১৪৩৩

হেফাজত আমিরকে নিজ হাতে ধরে মঞ্চে তুললেন প্রধানমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হেফাজত আমিরকে নিজ হাতে ধরে মঞ্চে তুললেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের জামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে মঞ্চে উঠতে সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। পরে এ মুহূর্তের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চে ওঠার সময় প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সহযোগিতা করতে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে তিনি বাবুনগরীর হাত ধরে মঞ্চে উঠতে সহায়তা করেন।

অল্প সময়ের এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে সৌজন্য ও পারস্পরিক সম্মানের প্রকাশ হিসেবে উল্লেখ করছেন।

এদিকে, সংবর্ধনা ও মতবিনিময় সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে নয় দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক আইন না করা এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরসহ বিভিন্ন ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

এ ছাড়া ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর এবং সরকারি চাকরিতে এর স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

মুসলিম শিক্ষার্থীদের জন্য প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, হিজবুত তাওহিদ নিষিদ্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামে মিশনারিদের কথিত অপতৎপরতা বন্ধের দাবিও রয়েছে।

পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে আলেমদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করে রাষ্ট্রীয় পুনর্গঠনে আলেম-ওলামাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাবলিগ জামাত ও টঙ্গীর বিশ্ব ইজতেমা সংক্রান্ত বিষয়ে হেফাজতের অবস্থান বাস্তবায়নের দাবিও তুলে ধরা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

যশোর বোর্ডে মানবিকে ধস, ১১ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
যশোর বোর্ডে মানবিকে ধস, ১১ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

যশোর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। তবে ফলাফলে বড় ধাক্কা এসেছে মানবিক বিভাগে। এ বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও পাসের হার নেমে এসেছে ৪৮ দশমিক ৮২ শতাংশে। একই সঙ্গে বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সারাদেশের সঙ্গে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন বোর্ডের সচিব (প্রেষণে) প্রফেসর ড. মো. আব্দুল মতিন।

বোর্ড সূত্রে জানা যায়, এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪১ হাজার ৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৬৯ হাজার ৮৫ জন এবং ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীদের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে মানবিক বিভাগের ফলাফল সবচেয়ে হতাশাজনক। এ বিভাগে মোট ৮৫ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮২ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্তে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক দুর্বলতা কিংবা শিক্ষকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের বিষয়টিও বিবেচনা করা হবে।

ফলাফল বিশ্লেষণে বোর্ড সচিব বলেন, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ হলেও মানবিক বিভাগে তা ৪৮ দশমিক ৮২ শতাংশ হওয়া উদ্বেগের বিষয়। বিভাগগুলোর ফলাফলের এই বৈষম্য কমাতে শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, এবারের ফলাফলেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো করেছে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই বোর্ডের মূল লক্ষ্য।

এবার যশোর শিক্ষা বোর্ড থেকে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ হলেও যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। ফলে জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে এ বোর্ড।

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী টেলিটক মোবাইলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বগুড়ায় ৮২ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বগুড়ায় ৮২ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে ৮২ পিস ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামালপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজু ইসলাম শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি নয় মাইল মণ্ডলপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার একটি দল জামালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। পরে মণ্ডল ট্রেডার্সের সামনে থেকে রাজু ইসলামকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গ্রেপ্তার রাজু ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পানি জমে থাকায় খনন হয়নি খাল, ফেরত গেল সোয়া ২ কোটি টাকা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পানি জমে থাকায় খনন হয়নি খাল, ফেরত গেল সোয়া ২ কোটি টাকা

অতিবৃষ্টি ও খালে পানি জমে থাকায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের আত্রাই খাল খনন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে কাজ বাস্তবায়ন না হওয়ায় প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে সারা দেশে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের আত্রাই খাল খননের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ‘আত্রাই বিল থেকে গোপালগঞ্জ ব্রিজ পর্যন্ত ডোমজান খাল’ প্রকল্পের আওতায় প্রায় ৮৫০ মিটার খাল খননের পরিকল্পনা ছিল। কিন্তু বর্ষা মৌসুমজুড়ে টানা বৃষ্টি ও খালে পর্যাপ্ত পানি থাকায় নির্ধারিত সময়ে খননকাজ শুরু করা সম্ভব হয়নি।

কাজ শুরুর উপযোগী পরিবেশ তৈরি না হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা যায়নি। পরে গত ১৬ জুলাই চালানের মাধ্যমে প্রকল্পের জন্য বরাদ্দ করা পুরো ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আজিজ বলেন, অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে খননকাজ শুরু করা সম্ভব হয়নি। সরকারি বিধি অনুযায়ী বরাদ্দের অর্থ ফেরত দেওয়া হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে ভবিষ্যতে পুনরায় বরাদ্দ পাওয়া গেলে খালটির খননকাজ সম্পন্ন করা হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম