খুঁজুন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ, ১৪৩৩

স্বর্ণপদকের লক্ষ্য, চীনের পথে পটুয়াখালীর রাইয়ান

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বর্ণপদকের লক্ষ্য, চীনের পথে পটুয়াখালীর রাইয়ান

লাল-সবুজের পতাকা হাতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চীনের পথে পটুয়াখালীর তরুণ স্কেটার সামিন ইয়াসার রাইয়ান। স্বর্ণপদক জয়ের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দলের সঙ্গে সোমবার রাতে চীনের উদ্দেশে রওনা হয়েছে সে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেওয়া ২২ স্কেটারের একজন রাইয়ান। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে দেওয়ার লক্ষ্য নিয়েই তার এই যাত্রা।

চীনের লিশুই শহরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপ। এতে বাংলাদেশ ছাড়াও রাশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানের স্কেটাররা অংশ নেবেন। ফলে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশের স্কেটারদের।

গত বছর চীনে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকে দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশের স্কেটাররা। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে এবার আরও বড় অর্জনের প্রত্যাশা করছে বাংলাদেশ দল। আর সেই প্রত্যাশার অন্যতম অংশ রাইয়ান।

বাংলাদেশের এবারের দলে রয়েছেন মোট ২৭ জন। এর মধ্যে ২২ জন স্কেটার এবং পাঁচজন কর্মকর্তা। ২২ স্কেটারের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ। সোমবার রাতে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে দেশ ছাড়ে দলটি।

পটুয়াখালীর সন্তান রাইয়ানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবরে উচ্ছ্বসিত তার পরিবার, স্বজন ও জেলার ক্রীড়াপ্রেমীরা। দেশের হয়ে ভালো ফল করার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সম্মান বাড়ানোই এখন তার প্রধান লক্ষ্য।

রাইয়ানের এই চীনযাত্রা শুধু তার ব্যক্তিগত স্বপ্নপূরণের লড়াই নয়, পটুয়াখালীর ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের বিষয়। আন্তর্জাতিক স্কেটিংয়ে নিজের সেরাটা দিয়ে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে—এমন প্রত্যাশা পরিবার, স্বজন ও নিজ জেলার মানুষের।

স্বপ্ন এখন একটাই—চীনের মাটিতে সেরাটা দিয়ে বাংলাদেশের জন্য স্বর্ণপদক জয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ উপলক্ষে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, বুধবার দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তি দিয়ে বুধবার ছুটি ঘোষণা করেছে। রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও ইতোমধ্যে ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

‘আখেরি চাহার সোম্বা’ শব্দটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়।

এই দিনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় নানা আয়োজন করা হয়। দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন ধর্মপ্রাণ মানুষ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা নিশ্চিত করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা নিশ্চিত করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি চারার সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ মাঠে রোটারি ক্লাব অব গুলশান এভিনিউ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকারের কাঙ্ক্ষিত পাঁচ কোটি গাছ টিকিয়ে রাখতে হলে এর চেয়ে বেশি পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা প্রতিটি চারার নিবিড় পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি চারা রোপণের পর সেটিকে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে। গাছ বড় হওয়ার আগ পর্যন্ত নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে বৃক্ষরোপণ কর্মসূচির সুফল দীর্ঘমেয়াদে পাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, চরম আবহাওয়া ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সরকার সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে।

অনুষ্ঠানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছগুলোর সংরক্ষণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এ ধরনের কর্মসূচিতে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আমান উল্লাহ আমান আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানুষের জীবন ও প্রকৃতির সঙ্গেও এর নিবিড় সম্পর্ক রয়েছে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর মাধ্যমে গাছের প্রতি দায়িত্ববোধ তৈরি করা জরুরি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের পরিবেশ ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান নয়াবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক মিয়া, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রোটারি ক্লাব অব গুলশান এভিনিউর নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে, যাতে এসব গাছ ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সাভারে জানালার গ্রিল কেটে ৮৪ লাখ টাকার মালামাল চুরি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাভারে জানালার গ্রিল কেটে ৮৪ লাখ টাকার মালামাল চুরি

ঢাকার সাভারে একটি বাড়ির জানালার গ্রিল কেটে নগদ ২৮ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮৪ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের শাপলা চৌধুরী (৪৫) সাভার মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

গত ৩ আগস্ট রাতে সাভারের ডগরমোড়া এলাকায় সাবাব হোসেন ভূঁইয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাপলা চৌধুরী জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে শয়নকক্ষের দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটা দেখতে পান। ঘরের ভেতরে আসবাবপত্রও এলোমেলো অবস্থায় ছিল। পরে কাঠের আলমারির লক ভাঙা দেখতে পান তিনি।

শাপলার দাবি, আলমারিতে রাখা নগদ ২৮ লাখ টাকা এবং আনুমানিক ৫৬ লাখ টাকা মূল্যের ২২ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। চুরি যাওয়া টাকা ও স্বর্ণালংকার তার দীর্ঘদিনের সঞ্চয় বলে জানান তিনি।

শাপলা চৌধুরী বলেন, চুরি যাওয়া অর্থ ও স্বর্ণালংকারের সবগুলো তার ব্যক্তিগত নয়। সাভারে বসবাসরত তৃতীয় লিঙ্গের অনেক মানুষ একটি জায়গা কিনে নিজেদের বসবাসের স্থান তৈরির উদ্দেশ্যে এসব টাকা ও স্বর্ণালংকার তার কাছে গচ্ছিত রেখেছিলেন। এগুলো উদ্ধার না হলে তিনি ও সংশ্লিষ্ট অন্যরা চরম আর্থিক সংকটে পড়বেন বলে জানান।

এদিকে একই বাড়ির অপর তিন ভাড়াটিয়া সুমন, রুবেল ও ঝর্না বেগমের তিনটি মোবাইল ফোনও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসব মোবাইলের আনুমানিক মূল্য ২৯ হাজার টাকা।

ঘটনার পর ৩ আগস্ট শাপলা চৌধুরী বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলাটি সাভার মডেল থানার মামলা নম্বর ২১।

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চুরির আলামত পর্যালোচনা করেন। এ সময় ভুক্তভোগীর সঙ্গে কথা বলে চুরি যাওয়া টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ওসি সাইফুল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর একই দিনে মামলা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম