রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক মানুষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এতে স্থানীয় বিভিন্ন গ্রামের ৮ শতাধিক মানুষ চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) জলসিঁড়ি আবাসন প্রকল্পের ৪ নম্বর সেক্টর সংলগ্ন হরিনাগঞ্জ এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে হরিনা, রূপগঞ্জ, মাইলাবো, ইসাখালি, মাঝিনা ও আশপাশের বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা নিতে আসেন।
শিশুরোগ বিশেষজ্ঞ মেজর মার্জিয়া আফরিনের নেতৃত্বে একাধিক চিকিৎসক দিনব্যাপী ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকেরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধও বিনামূল্যে সরবরাহ করেন।
আয়োজকরা জানান, স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
এর আগে স্থানীয়দের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বৈরাগবাড়ি ও মাইলাবো এলাকায় খাল খনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
স্থানীয়দের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন