খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ, ১৪৩৩

কারাগারেই থাকছেন ডন, সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কারাগারেই থাকছেন ডন, সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তারের তিন দিনের মাথায় বুধবার (১২ আগস্ট) তার জামিন আবেদন খারিজ করা হয়।

দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহর আইনজীবী আবিদ হাসান।

আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে ডনের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচের আদেশ দেন।

ডনের জামিন আবেদনে বলা হয়, মামলার এজাহার ও গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত নন। তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন।

এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জানা যায়, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বিদ্যুৎ অফিসে 'ভয়ের স্রোত', ফেসবুকে কর্মকর্তাদের আকুতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিদ্যুৎ অফিসে 'ভয়ের স্রোত', ফেসবুকে কর্মকর্তাদের আকুতি

দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। একই সঙ্গে বাড়ছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপও। বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ছেন মাঠপর্যায়ের কর্মীরা। অনেকেই ফোনে গালাগালি ও হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে পল্লীবিদ্যুৎকর্মীরা বলছেন, ‘পল্লীবিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করে না, শুধু বিতরণ করে।’

মাদারীপুর এলাকার এক বিদ্যুৎকর্মী ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘আজকে রাতের লোডশেডিংয়ের ভার আমার কাঁধে দিয়েন না।’ তার এমন আকুতিতে মাঠপর্যায়ের কর্মীদের চাপ ও অসহায়ত্বের বিষয়টি সামনে এসেছে।

রাজশাহীর এক বিদ্যুৎকর্মীও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন। ‘রাজশাহীর লাইনম্যান পিবিএস এর প্রাণ’ নামের পেজে দেওয়া পোস্টে তিনি জানান, বিদ্যুৎকর্মীদের মাঠপর্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। অফিসে ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার আশঙ্কায় অনেকেই আতঙ্কে রয়েছেন।

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মী গ্রাহকদের উদ্দেশে বলেন, অযথা বিদ্যুৎকর্মীদের গালাগালি বা দায়ী না করার জন্য। তার ভাষ্য, পল্লীবিদ্যুৎ সমিতি নিজস্বভাবে বিদ্যুৎ উৎপাদন করে না; জাতীয় গ্রিড থেকে পাওয়া বিদ্যুৎই গ্রাহকদের মধ্যে বিতরণ করে। জাতীয় গ্রিডে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকলে বিতরণ ব্যবস্থায়ও সংকট তৈরি হয়।

কর্মীদের অভিযোগ, অনেক সময় একজন কর্মকর্তা বা কর্মচারীকে একসঙ্গে চার-পাঁচটি ফোন সামলাতে হয়। অথচ একই সময়ে হাজার হাজার গ্রাহক বিদ্যুৎ পরিস্থিতি জানতে ফোন করেন। এতে চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ফোনে অনেক কর্মীকে ব্যক্তিগতভাবে গালাগালিও শুনতে হচ্ছে।

জেলা পর্যায়ের পল্লীবিদ্যুৎ অফিসগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও সংকটের চিত্র উঠে এসেছে। ‘পল্লী বিদ্যুৎ খোকসা, কুষ্টিয়া’ পেজের এক বার্তায় জানানো হয়, পিক আওয়ারে সেখানে বিদ্যুতের চাহিদা প্রায় ১৪ মেগাওয়াট হলেও বটতৈল গ্রিড থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৪ দশমিক ৫ মেগাওয়াট। ফলে দীর্ঘ সময় লোডশেডিং দিতে হচ্ছে।

গ্রিড থেকে বিদ্যুতের বরাদ্দ বারবার পরিবর্তিত হওয়ায় ২৪ ঘণ্টার নির্দিষ্ট লোডশেডিং শিডিউলও দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে বিভিন্ন এলাকায় নিয়মিত সতর্কতামূলক বার্তাও দেওয়া হচ্ছে।

এদিকে দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতির অবনতির কারণে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো নিজেদের কার্যালয়, বিদ্যুৎকেন্দ্র ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানায় লিখিত আবেদন করেছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে বড় ধরনের ঘাটতির কারণেই মূলত বর্তমান সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দৈনিক তথ্য অনুযায়ী, পিক আওয়ারে দেশে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার মেগাওয়াটের বেশি। বিপরীতে গ্যাস ও কয়লার সংকট এবং বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ মেগাওয়াট পর্যন্ত ঘাটতি তৈরি হচ্ছে।

পিজিসিবির তথ্য অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ৭০ কোটি ঘনফুট। ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রায় ২ হাজার মেগাওয়াট উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিপিডিবি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য বলছে, বিদ্যুৎ সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মফস্বল ও গ্রামাঞ্চলে। এসব এলাকায় অনেক জায়গায় দিনে ৮ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং হচ্ছে। ফলে গ্রাহকদের পাশাপাশি সংকট মোকাবিলায় মাঠে থাকা বিদ্যুৎকর্মীরাও পড়েছেন চরম চাপের মধ্যে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপনে বিমান বদল, যা বললেন ট্রাম্প

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপনে বিমান বদল, যা বললেন ট্রাম্প

ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে গোপনে বিমান পরিবর্তনের ঘটনায় নিজের সিদ্ধান্ত ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিসের পরামর্শেই তাকে অন্য একটি সামরিক বিমানে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, তুরস্কে বিমান পরিবর্তনের সিদ্ধান্ত তার নিজের ছিল না। নিরাপত্তা কর্মকর্তারাই পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের পরামর্শ মেনেই তিনি অন্য বিমানে ওঠেন।

দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিমানবন্দরে ট্রাম্পকে প্রথমে এয়ার ফোর্স ওয়ানে ওঠার দৃশ্য দেখা যায়। পরে একটি ক্যাটারিং ট্রাকের আড়াল ব্যবহার করে তাকে গোপনে অন্য একটি সামরিক বিমানে স্থানান্তর করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পকে যে বিমানে প্রকাশ্যে উঠতে দেখা যায়, সেটিকে কার্যত ‘ডিকয়’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। সাংবাদিক ও হোয়াইট হাউসের কিছু কর্মীও প্রথমে ধারণা করেছিলেন, প্রেসিডেন্ট ওই বিমানেই অবস্থান করছেন।

পরে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ট্রাম্পকে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের পেছনে ইরান-সংশ্লিষ্ট একটি নিরাপত্তা হুমকির বিষয় ছিল।

তবে ওই হুমকির সুনির্দিষ্ট ধরন কী ছিল বা সেটি কতটা বিশ্বাসযোগ্য—এ বিষয়ে ট্রাম্প বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই গোপনে বিমান পরিবর্তনের এই ঘটনা সামনে এলো।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বিয়ের পিঁড়িতে বসছেন রদ্রিগো ডি পল, পাত্রী কে?

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিয়ের পিঁড়িতে বসছেন রদ্রিগো ডি পল, পাত্রী কে?

আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও পপ তারকা ত্রিনিতি স্তোসেলের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। কাতার বিশ্বকাপের আগ থেকেই তাদের সম্পর্কের খবর আলোচনায় ছিল। এবার সেই সম্পর্ক বিয়ের দিকে এগোচ্ছে বলে জোর গুঞ্জন উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডি পলের উদ্দেশে রোমান্টিক বার্তা দিয়েছেন ত্রিনিতি। পাশাপাশি বাগদানের আংটি পরা একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। এরপর থেকেই তাদের বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, বিয়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছেন ত্রিনিতি। এমনকি বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে তিনি প্যারিসেও গেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, খুব খুশি।’

পোশাকের ট্রায়ালের সময় ডি পলকে ফোন করে নিজের অনুভূতির কথাও জানান ত্রিনিতি। এ সময় ডি পল বলেন, জীবনের প্রতিটি দিন তিনি সেই বিশেষ মুহূর্তটির স্বপ্ন দেখেন এবং তাকে সুখী করার জন্য ত্রিনিতিকে ধন্যবাদ জানান।

এর আগে ২০২৬ সালের মে মাসে ত্রিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দেন ডি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটির ছবিও প্রকাশ করেন তিনি। এরপর থেকেই ভক্তদের মধ্যে তাদের বিয়ের তারিখ নিয়ে কৌতূহল তৈরি হয়।

এদিকে আর্জেন্টিনার জনপ্রিয় উপস্থাপক সুসানা হিমেনেসের অনুষ্ঠান ‘পোর এল মুন্দো’-তে একটি সম্ভাব্য বিয়ের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়, ২০২৬ সালের ১৯ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন রদ্রিগো ডি পল ও ত্রিনিতি স্তোসেল।

তবে ১৯ ডিসেম্বরের তারিখটি এখনো ডি পল বা ত্রিনিতি কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। ফলে বিয়ের তারিখ নিয়ে আপাতত জল্পনাই থাকছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম