ইউটিউবে নতুন রেকর্ড গড়লেন মনির খান
জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ইউটিউবে নতুন এক মাইলফলক অর্জন করেছেন। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ৩০ লাখ বা ৩ মিলিয়ন সাবস্ক্রাইবারের ঘর পেরিয়েছে। বাংলাদেশের কণ্ঠশিল্পীদের মধ্যে এককভাবে তার ইউটিউব চ্যানেলেই প্রথম এই মাইলফলক অর্জিত হয়েছে বলে জানানো হয়েছে।
২০১৬ সালে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। একই বছরের ১৪ জুন চ্যানেলটিতে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। এরপর থেকে মনির খানের জনপ্রিয় পুরোনো গানগুলোর পাশাপাশি নিয়মিত প্রকাশিত হয়েছে নতুন অডিও ও ভিডিও গান।
দীর্ঘ ১০ বছরের পথচলায় এবার ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে নতুন এই রেকর্ড গড়লেন তিনি।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অর্জন উদযাপন করা হয়। এ উপলক্ষে ‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।
নিজের এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে মনির খান বলেন, মহান সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞ। তিন দশকের বেশি সময় ধরে যারা তার গান ভালোবেসেছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।
মনির খান বলেন, সবার ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টার কারণেই তিনি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন