মাদক উদ্ধারে সেরা, পুরস্কৃত ডিবির এসআই ফারুক
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য সেরা পুরস্কার পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম ইনচার্জ সিনিয়র সাব-ইন্সপেক্টর সৈয়দ ফারুক আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে কুমিল্লা পুলিশ লাইন্সে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় তাকে সম্মাননা ও পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিবি পুলিশ জানায়, এসআই সৈয়দ ফারুক আহমেদ কুমিল্লা ডিবিতে সিনিয়র সাব-ইন্সপেক্টর হিসেবে একটি টিমের ইনচার্জের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে মাদকবিরোধী অভিযানে তিনি ধারাবাহিকভাবে সফলতা অর্জন করেছেন।
তার নেতৃত্বে ডিবির টিম ইতোমধ্যে বেশ কয়েকটি বড় মাদকের চালান জব্দ করেছে। মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবার তাকে সেরা হিসেবে নির্বাচিত করে সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় এসআই সৈয়দ ফারুক আহমেদ বলেন, এ সম্মাননা তাকে মাদকবিরোধী অভিযানে আরও সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং পুলিশ সুপারের প্রত্যাশাও একই।
তিনি বলেন, সামনে মাদকবিরোধী অভিযানে কাজের গতি আরও বাড়ানো হবে। এই পুরস্কারে তার পুরো টিম আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন