ড্রাইভিং শেখার সময় পুকুরে গাড়ি, প্রাণ গেল গৃহবধূর
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সুমিত্রা দাস (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে কেষ্টপুরের প্রফুল্ল কানন (পশ্চিম) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেন সুমিত্রা। এরপর নিজের স্কুটিটি গ্যারেজে রেখে নতুন কেনা হুন্দাই ইয়ন গাড়ি নিয়ে ড্রাইভিং অনুশীলনে বের হন।
পুলিশের প্রাথমিক ধারণা, শিক্ষানবিস চালক হওয়ায় ব্রেকের পরিবর্তে ভুল করে অ্যাক্সিলারেটরে চাপ দেন সুমিত্রা। এতে গাড়িটি দ্রুতগতিতে এগিয়ে পাশের পুকুরে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর ক্রেন দিয়ে গাড়িটি পুকুর থেকে তোলা হয়। পরে গাড়ির ভেতর থেকে সুমিত্রার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গাড়িটি উদ্ধারের সময় সুমিত্রার হাত ও মুখ পেছনের দিকে এবং পা সামনের ড্রাইভিং সিটের কাছে ছিল। ধারণা করা হচ্ছে, গাড়ি পানিতে ডুবে যাওয়ার পর তিনি বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন।
জানা গেছে, সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস কিছুদিন আগে গাড়িটি কিনেছিলেন। আগামী ২২ আগস্ট সুমিত্রার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল।
মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন