ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ তরুণী
ভালো বেতনে চাকরির আশায় দালালের মাধ্যমে অবৈধপথে ভারতে গিয়ে কারাভোগের পর দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা তরুণীরা হলেন—সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রায় দুই বছর আগে বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধপথে ভারতের মুম্বাই যান ওই তিন তরুণী। সেখানে কাজ করার সময় স্থানীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে আদালত তাদের এক বছরের কারাদণ্ড দেন।
কারাভোগ শেষে একটি মানবাধিকার সংস্থার শেল্টার হোমে রাখা হয় তাদের। পরে দুই দেশের দূতাবাসের কূটনৈতিক যোগাযোগ এবং বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পান তারা।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তিন তরুণীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর মাধ্যমে তাদের শেল্টার হোমে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন