চট্টগ্রাম বন্দরে ‘বে টার্মিনাল’ নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব
চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর সরকার। এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে শামা ওবায়েদ বলেন, দেশটিতে আরও দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানি, দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো এবং বড় প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি জানান, বর্তমানে সিঙ্গাপুরে প্রায় দেড় থেকে দুই লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। ভবিষ্যতে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে দেশটির শ্রমমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
এ ছাড়া সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানো এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় সিঙ্গাপুর সরকার চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে। এ নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।
সিঙ্গাপুর সফরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনকারী একটি আধুনিক প্রকল্পও পরিদর্শন করেন শামা ওবায়েদ।
জাপান প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি জাপানের জ্যেষ্ঠ উপমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ‘ফরেন অফিস কনসালটেশন’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী জাপান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও মাতারবাড়ী প্রকল্পসহ বেশ কয়েকটি বড় প্রকল্পে যুক্ত রয়েছে।
শামা ওবায়েদ আরও জানান, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন