খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র, ১৪৩৩

ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ ছিলেন।

আগামী সোমবার অনুষ্ঠিত হবে ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

তরুণ ও উদীয়মান ফুটবলারদের উৎসাহিত করতেই ক্যানেজিয়া সৌজন্যমূলক সফরে বাংলাদেশে আসছেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবেন তিনি।

বাংলাদেশ সফরকালে ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামো পরিদর্শন করবেন ক্যানেজিয়া। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টায় শুরু হবে সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। ম্যাচ শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

পরে বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও তারকা অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করতেই স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল মৎস্যচাষীদের পুরস্কার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল মৎস্যচাষীদের পুরস্কার

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সম্পদ বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, নদী ও জলাশয় সংরক্ষণ এবং মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা এলাকার বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব মো. বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষীরা।

অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল ও উদ্যমী মৎস্যচাষীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা মৎস্য খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জলাশয় সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

১৫০ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাটে মাদক নিরাময় কেন্দ্র হবে: ত্রাণমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
১৫০ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাটে মাদক নিরাময় কেন্দ্র হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ও পুনরুদ্ধারের জন্য ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার (১৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা শহরের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হবে। সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদক প্রবেশের ঝুঁকি রয়েছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করলেই হবে না, মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সচেতনতা কার্যক্রমও সমানভাবে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

মাদক প্রতিরোধে গঠিত ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া, ঘুষ ও দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করা গেলে সামাজিক অপরাধ প্রতিরোধে লালমনিরহাট একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

তিনি আরও বলেন, শুধু বিদ্যুতের আলোয় জেলা আলোকিত করাই লক্ষ্য নয়; মানুষের বিবেক, মূল্যবোধ ও মানবিকতাকে জাগ্রত করাও জরুরি। পরিবারে শান্তি প্রতিষ্ঠা এবং সমাজে অপরাধ ও অসংগতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ার ফলে তারা উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে। তাই মেয়েদের শিক্ষাজীবন অব্যাহত রাখার পাশাপাশি বাল্যবিবাহ রোধে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ ও সহনশীলতার পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের হয়রানি বা নির্যাতন শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ ও আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম সাদেকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

রোববার (১৬ আগস্ট) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

আইনজীবী জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি মামুনের জামিন মঞ্জুর করেন। এ মামলায় এক হাজার টাকা মুচলেকা এবং পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মামুনের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

দুই মামলাতেই জামিন পাওয়ায় প্রিন্স মামুনের কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম