৩০ বছর লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
যোগফল প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় তিন দশক পর গ্রেপ্তার করেছে র্যাব-৮। দীর্ঘদিন আত্মগোপনে থাকা ওই আসামির নাম ফারুক মোল্লা।
রোববার (১৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত।
র্যাব সূত্রে জানা যায়, ফারুক মোল্লা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে। ১৯৯৪ সালে তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। পরের বছর ১৯৯৫ সালে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন।
তবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না ফারুক। এরপর থেকেই গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন তিনি। দীর্ঘ ৩০ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব।
র্যাব-৮ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করার পর র্যাব-১০-এর সহযোগিতায় কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বলেন, সাজাপ্রাপ্ত ফারুক মোল্লাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন