৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের স্বীকৃতি
যোগফল প্রতিবেদক:
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। তবে স্বীকৃতি দিলেও আপাতত তাদের দেশে ফেরত নেওয়ার পরিকল্পনা নেই দেশটির।
রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাই করা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তালিকার মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে সাবেক রাখাইনবাসী হিসেবে যাচাই করা হয়েছে। অন্যদিকে তালিকায় থাকা ৪ হাজার ২৪১ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে মিয়ানমার। আরও ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটি।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর থেকে কক্সবাজারসহ দেশের বিভিন্ন শিবিরে তারা বসবাস করছে।
বর্তমানে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। মিয়ানমার বলছে, এই সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে এখনই রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয়।
রোহিঙ্গা প্রত্যাবাসনকে বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় হিসেবে উল্লেখ করেছে মিয়ানমার। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই দেশ প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যেতে পারেনি।
এদিকে মালয়েশিয়া থেকে প্রায় ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে মিয়ানমার। তবে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকলে প্রত্যাবাসন করা হবে না বলে জানিয়েছে মালয়েশিয়া।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন