গভীর বনে ১০ ঘোড়ার মাথা-চামড়া, মাংস গেল কোথায়?
যোগফল প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে ১০টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। তবে ঘোড়াগুলোর মাংসের কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া গ্রামের বনের ভেতর এসব দেহাবশেষ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি প্রথমে বনের নির্জন স্থানে ঘোড়ার দেহের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।
স্থানীয় বাসিন্দা মো. আজিজুল ইসলাম বলেন, বনের ভেতরে ঘোড়ার মাথা, চামড়া, হাড়গোড় ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখা গেছে। সেখানে অন্তত ১০টি ঘোড়ার দেহাবশেষ রয়েছে।
আরেক বাসিন্দা মো. মোস্তফা জানান, ঘটনাস্থলটি বেশ নির্জন ও জঙ্গলে ঘেরা। দেখে ধারণা করা হচ্ছে, সেখানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো চক্র গোপনে ঘোড়ার মাংস সংগ্রহ করে তা অন্য মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে পারে।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন প্রধানও ধারণা করছেন, কোনো একটি চক্র সেখানে ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে।
এর আগে ২০২৫ সালের ২১ নভেম্বর শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে দুটি জবাই করা ঘোড়ার মাংস স্থানীয়রা জব্দ করেছিলেন। ফলে এবারও একই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। বনে পড়ে থাকা ঘোড়ার দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন