খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র, ১৪৩৩

চলতি অর্থবছরেই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চলতি অর্থবছরেই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ছবিতে প্রতিমন্ত্রী

 যোগফল প্রতিবেদন । অনলাইন

লতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করতে প্রায় ৬ হাজার কোটি টাকার কম-বেশি প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের সময় নির্ধারণে আর্থিক বিষয়টিও গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্টরা বসে নির্বাচনের সময় নির্ধারণ করবেন।

মীর শাহে আলম বলেন, ‘চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যত্যয় হবে না, ইনশাল্লাহ।’

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা তথ্য উপদেষ্টা বলেছিলেন—এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ প্রশ্নের উত্তর তথ্য উপদেষ্টাই দিতে পারবেন। তিনি কেন আগস্টে এমন কথা বলেছেন, সেটিও তাকেই বলতে হবে।

তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে তার কাছে থাকা তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আমার কাছে যেটুকু তথ্য আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি এই তথ্যটি দিলাম।’

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে—এ কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছ থেকে আমরা আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় নিয়েছি। যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে পারি, তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো।’

নির্বাচন দ্রুত আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও অর্থের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তিনি বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচনগুলো শুরু করার চেষ্টা করা হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাবা হলেন অনুপম রায়

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাবা হলেন অনুপম রায়

যোগফল প্রতিবেদক:

গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় ও গায়িকা প্রশ্মিতা পালের সংসারে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে সুখবরটি জানিয়েছেন তারা।

প্রশ্মিতার সঙ্গে একটি কার্ড শেয়ার করে অনুপম রায় লিখেছেন, ‘আমরা আনন্দিত এই ঘোষণা করতে পেরে যে আমাদের একটি ছেলে হয়েছে।’

২০২৪ সালের ২ মার্চ ঘরোয়া আয়োজনে প্রশ্মিতা পালকে বিয়ে করেন অনুপম। কাছের মানুষদের উপস্থিতিতে রেজিস্ট্রি ও আইনি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের প্রায় দুই বছর পর তাদের সংসারে প্রথম সন্তানের আগমন হলো।

এর আগে প্রশ্মিতা মা হতে চলেছেন—এমন খবর প্রকাশ্যে এলেও বিষয়টি নিয়ে দুজনেই অনেকটা নীরব ছিলেন। এবার পুত্রসন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন অনুপম ও প্রশ্মিতা।

অনুপম রায়ের এটি তৃতীয় বিয়ে। সংগীতজগতের সঙ্গে যুক্ত থাকায় প্রশ্মিতার সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। বন্ধুত্বের সম্পর্ক একপর্যায়ে প্রেমে রূপ নেয়। বিয়ের মতো সন্তান আসার খবরও তারা অনেকটা গোপন রেখেছিলেন।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম। প্রায় পাঁচ বছর সংসার করার পর ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে পিয়া অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। কাকতালীয়ভাবে গত বছর জুনে পিয়া ও পরমব্রতও পুত্রসন্তানের বাবা-মা হন। এবার অনুপম-প্রশ্মিতার ঘরেও এলো পুত্রসন্তান।

এদিকে প্রশ্মিতা পালও সংগীতাঙ্গনের পরিচিত মুখ। ২০১২ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার ‘সাজনা’ গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। গানটির জন্য ২০১৪ সালে রেডিও মির্চি সংগীত পুরস্কারে সেরা উদীয়মান গায়িকার পুরস্কারও অর্জন করেন।

এ ছাড়া ‘ওপেন টি বায়োস্কোপ’সহ বিভিন্ন সিনেমায় গান করেছেন প্রশ্মিতা। ‘উড়ান’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবেও নিয়মিত সংগীতচর্চা করছেন তিনি।

নতুন অতিথির আগমনে অনুপম-প্রশ্মিতার জীবনে যোগ হয়েছে নতুন আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মেট্রোতে নারীর গোপন ছবি তোলার অভিযোগ, নিরাপত্তাকর্মী বরখাস্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেট্রোতে নারীর গোপন ছবি তোলার অভিযোগ, নিরাপত্তাকর্মী বরখাস্ত

যোগফল প্রতিবেদক:

ভারতের দিল্লি মেট্রোতে এক নারী যাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এইমস মেট্রো স্টেশনের কাছে চলন্ত ট্রেনের একটি কামরায় এ ঘটনা ঘটে।

ঘটনার একপর্যায়ে অন্য যাত্রীরা ওই নিরাপত্তাকর্মীকে ঘিরে ধরেন। পরে তার মোবাইল ফোনের গ্যালারি দেখতে চাইলে সেখানে ওই নারীর ছবি পাওয়া যায় বলে অভিযোগ করেন যাত্রীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ফোনের গ্যালারি পরীক্ষা করছেন। সেখানে ছবি দেখতে পাওয়ার পর তারা সেগুলো মুছে ফেলার জন্য ওই কর্মকর্তাকে চাপ দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীদের সঙ্গে তার হাতাহাতির ঘটনাও ঘটে।

ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পর অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে সিআইএসএফ। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সিআইএসএফ জানিয়েছে, তদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে দিল্লি মেট্রো পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দায়ের না করায় বিষয়টি বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সিআইএসএফের কাছে পাঠানো হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যক্তিগত গোপনীয়তা ও জনসমাগমস্থলে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঘুমের মধ্যেই না ফেরার দেশে ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঘুমের মধ্যেই না ফেরার দেশে ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ

যোগফল প্রতিবেদক:

মাত্র ৩৫ বছর বয়সেই মারা গেলেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। ‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’, ‘ঘোস্ট’ ও ‘দ্য ফাইনাল এক্সিট’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই মারা যান অনন্যা। মৃত্যুর প্রায় এক মাস পর রোববার (১৬ আগস্ট) তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবর প্রকাশ্যে আনে পরিবার।

বিবৃতিতে পরিবারের সদস্যরা জানান, ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে অনন্যার। গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি শারীরিক ও মানসিক নানা অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছেন।

মৃত্যুর খবর জানানোর পাশাপাশি অনন্যার শেষকৃত্যের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তার পরিবার। তাকে ‘দৃঢ়চেতা মেয়ে’ হিসেবে উল্লেখ করে পরিবারের সদস্যরা জানান, নিজের জীবন নিজের মতো করেই উপভোগ করতেন অনন্যা।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, অনন্যার অনুপস্থিতি তারা গভীরভাবে অনুভব করবেন। তার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছে পরিবার। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নীরবতার প্রতি সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন গানের দৃশ্যচিত্রেও কাজ করেছেন অনন্যা। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’, ‘ঘোস্ট’ ও ‘দ্য ফাইনাল এক্সিট’সহ বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী।

তবে অনন্যার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবার কোনো তথ্য জানায়নি। শুধু জানিয়েছে, মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্যে ছিলেন তিনি।

অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অনন্যার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম