ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে আধুনিক ‘রোল মডেল’ করতে চান নূরে আলম
যোগফল প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব ‘রোল মডেল’ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মো. নূরে আলম।
বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি হামলা, মামলা ও কারাভোগসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় থাকার দাবি করেন তিনি। বর্তমানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমর্থন ও দোয়া চাইছেন।
নূরে আলম বলেন, দলের দুঃসময়ে তিনি কখনো পিছু হটেননি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছেন। রাজনৈতিক জীবনে একাধিক মামলা, হামলা ও কারাভোগের শিকার হলেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।
তিনি বলেন, “দলের চরম দুঃসময়ে আমি মাঠে থেকেছি এবং দলের প্রয়োজনে সব ধরনের ত্যাগ স্বীকার করেছি। আশা করি, দল আমার দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক ভূমিকা মূল্যায়ন করে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।”
কৃষক-শ্রমিকের অধিকারকে গুরুত্ব
নূরে আলমের দাবি, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন তিনি। তার পরিকল্পনায় রয়েছে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কৃষি ও শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
বয়স্ক, বিধবা ও অসহায় মানুষের সরকারি সহায়তা স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দিতে চান তিনি। দায়িত্ব পেলে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।
রাস্তাঘাট ও শিক্ষা-স্বাস্থ্য উন্নয়নের পরিকল্পনা
ধুকুরিয়াবেড়া ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নূরে আলম।
তিনি বলেন, “আমি ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রম হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী।”
নূরে আলম বলেন, জনগণের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কই তার সবচেয়ে বড় শক্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে জনগণের সমর্থন নিয়ে ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে উন্নয়নের একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চান তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন