গ্রিসে বিয়ের পিঁড়িতে অনিরুদ্ধ, পাত্রী কে?
যোগফল প্রতিবেদক:
দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছে। এবার সেই গুঞ্জনে যোগ হয়েছে বিয়ের খবর।
ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অনিরুদ্ধ ও কাব্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর গ্রিসে বসতে পারে এই তারকা জুটির বিয়ের আসর।
তবে গ্রিসের ঠিক কোন স্থানে বিয়ের আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এমনকি বিয়ের তারিখ বা স্থান নিয়ে অনিরুদ্ধ কিংবা কাব্য—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে ১০ নভেম্বরের বিয়ের খবরটি আপাতত গণমাধ্যমের প্রতিবেদন ও সূত্রনির্ভর তথ্য হিসেবেই রয়েছে।
অনিরুদ্ধ ও কাব্য নিজেদের সম্পর্ক নিয়েও কখনো প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি। তবে গত জুনে অনিরুদ্ধের আত্মীয় ও বর্ষীয়ান অভিনেতা ওয়াইজি মহেন্দ্রের একটি মন্তব্যের পর তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।
এক সাক্ষাৎকারে মহেন্দ্র অনিরুদ্ধকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি খুবই শান্ত স্বভাবের ছেলে এবং শিগগিরই বড় একটি বিয়ের অনুষ্ঠানে পা রাখতে চলেছেন। অনিরুদ্ধের পরিবারের কাছ থেকেই বিয়ের বিষয়টি নিশ্চিতভাবে জেনেছেন বলেও দাবি করেন তিনি।
কাব্য মারানের প্রশংসা করে মহেন্দ্র বলেন, তিনি কোনো সাধারণ মেয়ে নন। এত বড় একটি আইপিএল দল পরিচালনার সক্ষমতা তার রয়েছে এবং বাবার ব্যবসায়িক দক্ষতাও তার মধ্যে রয়েছে।
অনিরুদ্ধ-কাব্য জুটিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, দুজনকে একসঙ্গে দারুণ মানায়। তারা একসঙ্গে থেকে সংগীতের জগতে আরও ভালো কাজ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
তবে অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের গুঞ্জন নতুন নয়। ২০২৫ সালের জুনেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছিল, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। এমনকি অনিরুদ্ধের আত্মীয় ও দক্ষিণী তারকা রজনীকান্ত কাব্যের বাবা কলানিধি মারানের সঙ্গে দেখা করে বিয়ে নিয়ে আলোচনা করেছেন—এমন গুঞ্জনও ছড়িয়েছিল।
সেসময় অবশ্য বিয়ের খবর সরাসরি অস্বীকার করেছিলেন অনিরুদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি গুঞ্জনকারীদের উদ্দেশে জানিয়েছিলেন, ‘বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো।’
তবে তখন বিয়ের খবর অস্বীকার করলেও কাব্যের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সরাসরি নাকচ করেননি অনিরুদ্ধ। এবারও সম্ভাব্য বিয়ের তারিখ নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে অনিরুদ্ধ বা কাব্য—কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন