গৌরনদীতে টিফিনের রুটিতে ব্লেড, তদন্তে বের হলো ভিন্ন তথ্য; শিক্ষিকা সাময়িক বরখাস্ত
যোগফল প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতর ব্লেড পাওয়ার ঘটনায় করা তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। তদন্ত কমিটি জানিয়েছে, রুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের গাফিলতি বা কারখানা থেকে ব্লেড রুটির ভেতরে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং স্কুলের এক শিক্ষার্থী নিজেই রুটির মধ্যে ব্লেডটি ঢুকিয়ে রেখেছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর তথ্য-উপাত্ত যাচাই না করেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বুধবার দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করতে তদন্ত কমিটি প্রথমে রুটি সরবরাহকারী কারখানা সরেজমিনে পরিদর্শন করে। রুটি তৈরির মিক্সিংসহ উৎপাদনের প্রতিটি ধাপ পরীক্ষা করে দেখা হয়। তদন্তে কারখানা থেকে অক্ষত একটি ব্লেড রুটির ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে তারা নিশ্চিত হন।
এরপর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি সংশ্লিষ্ট ছাত্রীর বাড়িতে ব্যবহৃত ব্লেডের বিষয়েও তথ্য নেওয়া হয় এবং সেই ব্লেড উদ্ধার করা হয়।
তদন্তে উঠে আসে, ব্লেডটি ওই ছাত্রীর ব্যাগেই ছিল। স্কুলে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় শিক্ষিকার বকা বা শাস্তির ভয়ে সে ব্লেডটি রুটির মধ্যে লুকিয়ে রাখে। পরে রুটির প্যাকেট খোলার সময় আরেক শিক্ষার্থী ব্লেডটি দেখতে পায়। বিষয়টি শিক্ষিকাকে জানানো হলে তিনি যাচাই-বাছাই না করেই রুটির ছবি তোলেন এবং প্রথমে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে, পরে সদর ক্লাস্টার গ্রুপে ছবিটি ছড়িয়ে দেন।
এভাবে ঘটনার সত্যতা যাচাইয়ের আগেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা তৈরি হয় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তদন্ত কমিটি মাত্র তিন দিনের মধ্যে ঘটনাটি বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত প্রতিবেদনকে শতভাগ সঠিক বলে দাবি করেছেন।
এদিকে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান এর আগে জানিয়েছিলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠান থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। সেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রুটি তৈরি হয় এবং মিক্সিংয়ের সময় কোনো ধাতব বস্তু ঢুকলে তা অক্ষত অবস্থায় থাকার কথা নয়।
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানান, সরকারি বিধি অনুযায়ী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুলাই গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ টিফিনের রুটি খাওয়ার সময় ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি শ্রেণিশিক্ষক শারমিন জাহানকে জানানোর পর রুটির ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন