জীবননগর সীমান্তে বিএসএফের পুশইনে ৫ জন আটক
যোগফল প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
পরে ওই পাঁচজন জীবননগর শহরের দিকে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা বলে দাবি করা নিয়ান।
স্থানীয়রা জানান, সীমান্ত অতিক্রম করে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা আটকে পুলিশকে খবর দেন। পরে জীবননগর থানা-পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, বেনীপুর এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তি তাদের সীমান্ত পার হতে সহযোগিতা করেছেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আটক পাঁচজনের পরিচয় এবং কীভাবে তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই করা হচ্ছে। তাদের মধ্যে একজন নিজেকে ভারতীয় নাগরিক দাবি করেছেন এবং হিন্দি ভাষায় কথা বলছেন। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন