খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র, ১৪৩৩

ইসলাম গ্রহণ করেছেন কী রবার্তো কার্লোস?

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইসলাম গ্রহণ করেছেন কী রবার্তো কার্লোস?

যোগফল প্রতিবেদক:

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন একটি খবর নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে এ বিষয়ে এখনো কার্লোস কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদের সঙ্গে সাক্ষাৎ করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর বিষয়টি নতুন করে সামনে আসে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর তিনি এক্সে দেওয়া এক পোস্টে এ বিষয়ে তথ্য জানান।

আলিসাহিনের পোস্টে ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথের প্রতিনিধি শেখ জিহাদ হামাদের বক্তব্য উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরেই শেখ হামাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এরই ধারাবাহিকতায় প্রায় চার সপ্তাহ আগে তাদের সাক্ষাৎ হয় এবং কার্লোস শাহাদাহ পাঠ করেন বলে দাবি করা হয়েছে।

তুর্কি ওই সংসদ সদস্য রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও পরিবারের জন্য সুখ-শান্তি কামনা করেন।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কার্লোসের ইসলাম গ্রহণের দাবিটির স্বাধীন কোনো নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন ও সংবাদমাধ্যমের প্রতিবেদনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়া রবার্তো কার্লোস তুরস্কের ক্লাব ফেনেরবাহচের হয়েও খেলেছেন। তুরস্কে তার ব্যাপক জনপ্রিয়তার কারণে দেশটির সংবাদমাধ্যমে তাকে ঘিরে এই খবরটি বিশেষভাবে আলোচনায় এসেছে।

এরই মধ্যে সম্প্রতি কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা চলছে। মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে গত ২৫ জুলাই পারিবারিকভাবে আয়োজিত একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেন বলে জানা গেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

হিজাব পরে বাড়িতে চুরি-ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হিজাব পরে বাড়িতে চুরি-ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

যোগফল প্রতিবেদক:

য়পুরহাটের ক্ষেতলালে হিজাব ও বোরকা পরে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে চুরি ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আব্দুল মুমিন (৩৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয়রা। এ সময় তাঁর সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে গেছেন।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুই ব্যক্তি বোরকা ও হিজাব পরে বেলাল হোসেনের বাড়িতে প্রবেশ করেন। পরে তারা তাঁর স্ত্রী সাজেদা বেগমের কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সাজেদা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে আব্দুল মুমিনকে দেশীয় অস্ত্রসহ আটক করেন। তবে তাঁর সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন।

পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমিনকে হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন, রাতে বোরকা ও হিজাব পরা দুই ব্যক্তিকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে রাত আনুমানিক ২টার দিকে তারা বেলালের বাড়িতে ঢোকে। কিছুক্ষণ পর তাঁর স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুজন পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে একজনকে অস্ত্রসহ আটক করা হয়।

আটক আব্দুল মুমিন ও পলাতক আরিফুল ইসলাম স্থানীয় বাসিন্দা হলেও কাজের সূত্রে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করেন বলে জানা গেছে।

মামলা হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা

ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামবাসীর সহায়তায় আটক মুমিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ পলাতক আরিফুল ইসলামকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

যোগফল প্রতিবেদক:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। তবে ভোটগ্রহণের দিন সংসদে উপস্থিত না থাকায় ছয়জন সংসদ সদস্য ভোট দিতে পারেননি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে এ তথ্য জানা যায়। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ৩৪৩টি বৈধ ভোট পড়েছে।

ভোট দিতে না পারা ছয় সংসদ সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের বিএনপি সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং সিলেট-৫ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

সংসদ সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। একইভাবে ড. মুহাম্মদ ওসমান ফারুকও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার ব্যক্তিগত সহকারী মেজবাহ উদ্দিন টুটুল জানান, সংসদ অধিবেশন শেষ হওয়ার পর দল থেকে ছুটি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যান।

অন্যদিকে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে তার অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ক্ষেত্রে দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দেওয়ার সুযোগ ছিল। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার আগে তাকে ভোটকক্ষে দেখা যায়নি।

বৃহস্পতিবার দুপুর ২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট দেওয়ার মধ্য দিয়ে। এরপর অন্যান্য সংসদ সদস্য ভোট দেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

যোগফল প্রতিবেদক:

জাতীয় সংসদে ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল ঘোষণার পর তাকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়।

নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হয়। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অব্যবহৃত ছিল ছয়টি ব্যালট। বিভিন্ন ত্রুটির কারণে আইন অনুযায়ী চারটি ব্যালট পরিবর্তন করা হয়।

ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাষ্ট্রপতির হাতে লাল গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিরোধীদলীয় নেতাসহ জাতীয় সংসদের অন্যান্য সদস্যরা একে একে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম