কলকাতার হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশির মধ্যে ৪ জনই এক পরিবারের
যোগফল প্রতিবেদক:
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হোটেলে থাকা কয়েকজন হতাহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন।
স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি। তাদের পরিচয় পুলিশ নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
তবে অগ্নিকাণ্ডে নিহত অপর চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশি নাগরিকদের সহায়তায় কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতদের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন