ছবি পাঠিয়ে বন্ধুত্বের চেষ্টা, ভিডিও কলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় হোয়াটসঅ্যাপে অপরিচিত নারীর ছবি পাঠিয়ে বন্ধুত্বের চেষ্টা এবং পরে ভিডিও কলের মাধ্যমে একজনকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র ও বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
ডবলমুরিং থানার পুলিশ জানায়, গত ১৪ জুন রাতে মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে বিভিন্ন নারীর ছবি পাঠানো হয়। পরে নানা প্রলোভন দেখিয়ে তাকে হোয়াটসঅ্যাপ ও ইমুতে ভিডিও কলে কথা বলতে রাজি করানো হয়।
পুলিশের অভিযোগ, ভিডিও কলের দৃশ্য গোপনে ধারণ করে পরবর্তী সময়ে তা সম্পাদনার মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করা হয়। এরপর এসব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করা হয়।
মানহানি ও সামাজিকভাবে হেয় করার ভয় দেখিয়ে একাধিক বিকাশ নম্বরে ধাপে ধাপে মোট ৩৩ হাজার ৫০০ টাকা নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হলে অভিযানে নামে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইমান হোসাইনের নেতৃত্বে ডবলমুরিং থানা পুলিশের একটি দল আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কালাম মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় জব্দ করা মোবাইল ফোনগুলোতে মামলার বাদীর সঙ্গে প্রতারণা এবং ব্ল্যাকমেইলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া গেছে। ফোনগুলোতে ছয়টি সিমকার্ডও পাওয়া যায়। এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমু অ্যাকাউন্টে বিভিন্ন ব্যক্তির আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানায়, কালা মিয়া ব্যাপারী ওরফে কালাম মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্যও যাচাই করে পাওয়া গেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন