খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র, ১৪৩৩

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৩:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

যোগফল প্রতিবেদক:

বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

বিদায় উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

পরে বঙ্গভবনের কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায় নেওয়ার আগে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন অস্থায়ী রাষ্ট্রপতি। এরপর নির্ধারিত প্রটোকল অনুযায়ী গাড়িবহর নিয়ে বঙ্গভবন থেকে বেরিয়ে যান তিনি।

বঙ্গভবন থেকে প্রকাশিত একটি ভিডিওতে তার গাড়িবহর বঙ্গভবন এলাকা ত্যাগ করার দৃশ্য দেখা গেছে।

এদিকে দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার দুপুর ২টায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী হিসেবে জামায়াতের পক্ষ থেকে অলি আহমেদের নাম রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সংশোধিত ৭০ অনুচ্ছেদেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৩:২২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সংশোধিত ৭০ অনুচ্ছেদেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

যোগফল প্রতিবেদক:

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি।

তিনি বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ফ্রিজার ভ্যানে তৌফীক নাওয়াজের মরদেহ, পেছনে দীপু মনি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফ্রিজার ভ্যানে তৌফীক নাওয়াজের মরদেহ, পেছনে দীপু মনি

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী দীপু মনিকে প্রিজন ভ্যানে করে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়েছে। তার কয়েক মিনিট আগেই ফ্রিজার ভ্যানে করে একই পথে নেওয়া হয় তৌফীক নাওয়াজের মরদেহ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সোয়া ১২টার পর এই দৃশ্য দেখা যায়।

এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। সকাল সোয়া ৮টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। পরে সেখানে নেওয়া হয় তার স্বামীর মরদেহ।

বাসার নিচের গ্যারেজে ফ্রিজার ভ্যানে মরদেহ রাখা হয়। এ সময় ফ্রিজার ভ্যানের পাশে কাপড় পেতে স্থানীয় বশির উদ্দিন রোড মসজিদের মুয়াজ্জিনসহ কয়েকজনকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। বাড়িটি ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সেখানে প্রবেশকারীদের জিজ্ঞাসাবাদও করা হয়।

এদিকে দীপু মনিকে সান্ত্বনা দিতে চাঁদপুর আওয়ামী লীগের জাকিয়া সুলতানা শেফালীসহ কয়েকজন তার সঙ্গে দেখা করেন। জাকিয়া সুলতানা জানান, দীপু মনি স্বামীর মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েছেন।

দীপু মনির এক আত্মীয়ও জানান, মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং কিছু খেতে চাইছেন না।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, দুপুরে তৌফীক নাওয়াজের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, জানাজার সময় দীপু মনি প্রিজনভ্যানে থাকবেন। সময়ের মধ্যে সম্ভব হলে দাফনের সময় তাকে কবরস্থানে থাকার সুযোগ দেওয়া হবে। অন্যথায় তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। তার প্যারোলের মেয়াদ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন দীপু মনি।

তার স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তৌফীক নাওয়াজ। পেশায় আইনজীবী হওয়ার পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন।

তৌফীক নাওয়াজ ও দীপু মনি দম্পতির এক ছেলে চীনে এবং মেয়ে ঢাকায় অবস্থান করছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে বন্ধ সব রুটের যান চলাচল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে বন্ধ সব রুটের যান চলাচল

যোগফল প্রতিবেদক:

চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটির ডাকে কর্মবিরতি শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পুলিশ ও শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে, ‘শ্রমিক কল্যাণে ব্যয়’ দেখিয়ে বাস থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মধ্যে বুধবার এক শ্রমিককে মারধরের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান অভিযোগ করে বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের একটি সংগঠন দীর্ঘদিন ধরে সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদেই শ্রমিকরা কর্মবিরতিতে গেছেন। তবে এ কর্মসূচি পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটির ডাকে হচ্ছে বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে সংগঠনের নিয়ম অনুযায়ী বাস থেকে চাঁদা আদায় করা হয়। বরং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন তাদের নিজস্ব যানবাহনের পাশাপাশি বাস থেকেও চাঁদা আদায় করছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

দুই শ্রমিক সংগঠনের এই বিরোধ নিয়ে অতীতেও একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে স্থায়ী কোনো সমাধান হয়নি। এর মধ্যে হঠাৎ করে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মোড়সহ বিভিন্ন এলাকায় যাত্রীদের বিকল্প হিসেবে অটোরিকশায় রাজশাহী ও আশপাশের উপজেলায় যেতে দেখা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, দুই সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে। প্রায় এক ঘণ্টা বৈঠক চললেও কোনো সমঝোতা হয়নি।

তিনি বলেন, দুই পক্ষ নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে না পারলেও সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম