খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র, ১৪৩৩

ময়মনসিংহে গ্যাস-সংকটে ২০ কারখানার শ্রমিকদের ছুটি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়মনসিংহে গ্যাস-সংকটে ২০ কারখানার শ্রমিকদের ছুটি

যোগফল প্রতিবেদক: 

য়মনসিংহের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস-সংকটে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। গ্যাসের চাপ কম থাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কাজে যোগ দেওয়া শ্রমিকদের দুপুরের খাবারের সময় ধাপে ধাপে ছুটি দিয়ে দেয় অন্তত ২০টি কারখানা

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের শিল্পাঞ্চলে মোট ২৯৩টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৯৯টি গ্যাসচালিত। বর্তমানে প্রায় সব গ্যাসনির্ভর কারখানাই সংকটে পড়েছে। গ্যাসের চাপ কম থাকায় শিল্পাঞ্চলের প্রধান কারখানাগুলোতে উৎপাদন গড়ে ৫০ শতাংশে নেমে এসেছে

শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার আনছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্যাসের অভাবে শ্রমিকদের ছুটি

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল জানান, বৃহস্পতিবার সকাল থেকেই গ্যাসের চাপ কমতে শুরু করে। সাধারণত এসব কারখানা বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। কিন্তু গ্যাসের চাপ স্বাভাবিক না থাকায় দুপুরের খাবারের সময় মাহাদি সোয়েটার্স লিমিটেড, সুলতানা সোয়েটার্স, লিজ ফ্যাশন, টিএম টেক্সটাইল, ত্রিশাল টেক্সটাইল ও বিএসপি স্পিনিং মিলসহ ২০টি প্রতিষ্ঠান শ্রমিকদের ছুটি দিয়ে দেয়।

জেনারেটর ও বিদ্যুৎ ব্যবহার করে কিছু কারখানায় উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতে সার্বিক উৎপাদনব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।

সবচেয়ে বেশি সংকটে টেক্সটাইল ও স্পিনিং মিল

গ্যাস-সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে টেক্সটাইল ও সুতা তৈরির কারখানাগুলো।

গৌরীপুরের টয়ো স্পিনিং মিলসে ৫০টি মেশিনের মধ্যে ৪৩টিই বন্ধ রাখতে হয়েছে। বাকি সাতটি মেশিন পিডিবির বিদ্যুৎ দিয়ে চালানো হচ্ছে।

ভালুকার সীমা স্পিনিং মিলসের ৩০টি মেশিনই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমেছে।

এ ছাড়া বাশার স্পিনিং, নরটেক্স টেক্সটাইল ও ডেল্টা স্পিনার্সে উৎপাদন ৫০ শতাংশ বা তার বেশি কমেছে। এক্সপেরিয়েন্স টেক্সটাইলে গ্যাসের স্বাভাবিক চাপ না থাকায় ৪০ শতাংশ মেশিন বন্ধ রয়েছে। সিরামিক খাতের এক্সিলেন্ট সিরামিকসের ফার্নেস বন্ধ থাকায় উৎপাদন অর্ধেকের নিচে নেমে গেছে।

দীর্ঘদিন ধরেই কম গ্যাসের চাপ

ভালুকার গ্লোরি টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের ইউটিলিটি বিভাগের ব্যবস্থাপক সোহেল আহাম্মেদ বলেন, প্রায় দেড় থেকে দুই মাস ধরে তাঁদের কারখানায় গ্যাসের চাপ কম। উৎপাদন স্বাভাবিক রাখতে যেখানে ১৫ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে পাওয়া যাচ্ছে ১১ থেকে ১২ পিএসআই। এতে উৎপাদন ৩ থেকে ৪ শতাংশ কমেছে।

তিতাস গ্যাসের ভালুকা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক শামীম হোসেন জানান, সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপও কমেছে। ভালুকা এলাকায় ১৪০ ও ৫০ পিএসআইয়ের দুটি পৃথক লাইনে গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে সেখানে ৩০ থেকে ৫০ পিএসআই গ্যাস পাওয়া যাচ্ছে।

বাড়ছে শিল্পকারখানায় উদ্বেগ

দন আরও কমে যাওয়ার পাশাপাশি শ্রমিকদের কর্মঘণ্টা ও আয়েও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শিল্পকারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির দাবি উঠেছে।

গ্যাস-সংকটে শ্রমিকদের ছুটি ও উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে বক্তব্য জানতে মাহাদি সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সুলতানা সোয়েটার্স ও বিএসপি স্পিনিং মিলস কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

যে প্রতিষ্ঠানে পড়েছেন, সেই স্কুলেরই সভাপতি জাহিদুর রহমান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
যে প্রতিষ্ঠানে পড়েছেন, সেই স্কুলেরই সভাপতি জাহিদুর রহমান

যোগফল প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও সমাজসেবক-ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে জারি করা এক চিঠিতে তাকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদনের বিষয়টি জানানো হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদনের তারিখ থেকে ছয় মাস তিনি এ দায়িত্ব পালন করবেন।

জাহিদুর রহমান খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থী। নিজের শিক্ষাজীবনের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির দায়িত্ব পাওয়ায় তিনি এটিকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন।

দায়িত্ব পাওয়ার পর জাহিদুর রহমান বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। তাই এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্কটা অন্যরকম। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়।’

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে জাহিদুর রহমান অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও সমাজসেবামূলক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাহিদুর রহমান প্রতিষ্ঠানটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৯ বার পেছাল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৯ বার পেছাল

 

যোগফল প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৯বারের মতো প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো। নতুন করে আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

যেভাবে হামলার শিকার হন হাদি

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর ওই রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ১৪ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়

১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়। প্রথমে থানা-পুলিশ এবং পরে ডিবির হাতে মামলার তদন্তভার যায়।

তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় ডিবি।

অভিযোগপত্রে প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ। তাঁর বাবা-মা, স্ত্রী, শ্যালক, বান্ধবীসহ আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে। এছাড়া ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে কয়েকজন এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদেরও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রভুক্ত ১৭ আসামির মধ্যে ফয়সাল করিমসহ শেষের পাঁচজন পলাতক রয়েছেন।

‘রাজনৈতিক প্রতিহিংসায়’ হত্যার দাবি

ডিবির তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফয়সাল আহমেদ অভিযোগপত্রে উল্লেখ করেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন সময়ে হাদির দেওয়া রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই’ তাঁকে গুলি করে হত্যা করা হয়।

তবে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন এখনো আদালতে দাখিল না হওয়ায় তদন্তের পরবর্তী অগ্রগতি নিয়ে নতুন করে অপেক্ষা তৈরি হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন, জানালেন কারণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন, জানালেন কারণ

যোগফল প্রতিবেদক:

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, এ নির্বাচন তার কাছে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের ভোট’ মনে হয়েছে। তার দাবি, ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকায় এটি প্রকৃত অর্থে নির্বাচন ছিল না।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ১০ মিনিটে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

ভোটগ্রহণ শেষে জানা যায়, মোট ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। তারা হলেন—মির্জা আব্বাস, ড. ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা, রুমিন ফারহানা, খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

ভোট না দেওয়ার তিন কারণ

গণমাধ্যমের কাছে নিজের অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, প্রথমত, তার কাছে রাষ্ট্রপতি নির্বাচনটি অর্থহীন মনে হয়েছে। কারণ ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকলে সেটিকে নির্বাচন বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।

দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা। কিন্তু সেটি হয়নি বলে তিনি মনে করেন।

তৃতীয় কারণ হিসেবে রুমিন ফারহানা সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিষয়টি সামনে আনা হয়েছিল। এ ধরনের পরিস্থিতিতে তিনি ভোট দেওয়াকে ‘প্রহসনের ভোট’ হিসেবে দেখেছেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। একইভাবে নিজ দলের বিপক্ষে ভোট দিলেও সংসদ সদস্য পদ থাকবে না।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম