সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যোগফল প্রতিবেদক:
পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সাঁথিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ডা. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, সহকারী কমিশনার (ভূমি) ও সাঁথিয়া পৌর প্রশাসক আসিফ রায়হান এবং সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি আনিছুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী হাসান মঞ্জু, জয়নুল আবেদীন রানা, মানিক মিয়া রানা, আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদ, সাবেক আহ্বায়ক রতন কুমার দাসসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে নাজিবুর রহমান মোমেন বলেন, সাঁথিয়া উপজেলার উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অপরাধী যে-ই হোক, এমনকি নিজ দলের হলেও তার বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জনগণের সামনে অপরাধের তথ্য তুলে ধরতে হবে।
তিনি সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ৪৬ বছরের পথচলায় সাঁথিয়া প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন