খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র, ১৪৩৩

শিল্পের ভাষায় নজরুলকে তুলে ধরলেন শাহীন রেজা ও এরশাদ হাসান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ২:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শিল্পের ভাষায় নজরুলকে তুলে ধরলেন শাহীন রেজা ও এরশাদ হাসান

যোগফল প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকায় আয়োজিত ‘স্মরণে, সৃজনে, শ্রদ্ধায় ও শিল্পে কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. শাহীন রেজা রাসেল এবং সহকারী কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. এরশাদ হাসান। তাঁদের পরিকল্পনা, আন্তরিকতা ও সৃজনশীল উপস্থাপনায় প্রদর্শনীটি পেয়েছে নান্দনিক ও ব্যতিক্রমী রূপ।

‘অন্তরকথা, সংস্কৃতিচর্চা ও বিকাশ কেন্দ্র’-এর আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ২২ থেকে ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি-৭-এ তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকছে।

প্রদর্শনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সময়, সংগ্রাম, সাহিত্য, সংগীত ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার বিভিন্ন দিক আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আলোকচিত্রের বিষয় নির্বাচন, বিন্যাস ও উপস্থাপনার মধ্য দিয়ে দর্শকদের সঙ্গে নজরুলের জীবন ও দর্শনের একটি অন্তরঙ্গ সংযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।

‘অন্তরকথা, সংস্কৃতিচর্চা ও বিকাশ কেন্দ্র’-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রহিম সুমন বলেন, কিউরেটর মো. শাহীন রেজা রাসেল ও সহকারী কিউরেটর মো. এরশাদ হাসানের আন্তরিকতা, পরিশ্রম ও সৃজনশীল প্রচেষ্টার ফলেই আয়োজনটি সফল ও দর্শনীয় হয়ে উঠেছে। তাঁদের সমন্বিত কাজ প্রদর্শনীটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

উদ্বোধনী আয়োজনে বিশিষ্টজনদের উপস্থিতি

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও গবেষক মো. আরিফুর রহমান, পিএইচডি; কবি আলফ্রেড খোকন এবং ব্যুরো অব ইনভেস্টিগেশন, মোহাম্মদ নাছিম মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নজরুলের কবিতা, গান, নৃত্য ও মানবিক দর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে। ফলে আয়োজনটি শুধু একটি আলোকচিত্র প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি; নজরুলের জীবন, সৃষ্টিশীলতা ও দর্শনকে ঘিরে এটি হয়ে উঠেছে একটি বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজন।

আয়োজকদের মতে, নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক দর্শন বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক। শিল্পের ভাষায় সেই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।

কিউরেটর শাহীন রেজা রাসেল ও সহকারী কিউরেটর এরশাদ হাসানের পরিকল্পিত ও আন্তরিক প্রচেষ্টায় প্রদর্শনীটি নজরুলপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী দর্শনার্থীদের জন্য একটি অর্থবহ সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠেছে।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী আগামী ২৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার গ্যালারি-৭-এ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে’, ছেলেকে হারিয়ে বাবার কান্না

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে’, ছেলেকে হারিয়ে বাবার কান্না

যোগফল প্রতিবেদক:

আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি, সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালো ছাত্র আছিল। তাই আমি কোনোদিন টেহার কথা চিন্তা করতাম না। এহন আমার পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম।’

ছেলেকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন শেরপুরের দিনমজুর মোহাম্মদ শফিকুল ইসলাম। সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মারা যাওয়া ছেলে শাহিন আকন্দের মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিচার দাবি করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) রাতে শেরপুর সদর উপজেলার হরিণধরা কান্দাপাড়া গ্রামে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হন শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আকন্দ।

পরিবারের সদস্যরা জানান, সাপের কামড়ের প্রায় ৩০ মিনিটের মধ্যেই শাহিনকে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে নেওয়ার পরও প্রয়োজনীয় চিকিৎসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ তাদের।

শাহিনের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার সময় চিকিৎসকদের শিফট পরিবর্তন চলছিল। জরুরি বিভাগে চিকিৎসকের পরিবর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা তার রক্ত পরীক্ষা করেন। এরপর শাহিনকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়। এ সময় তাকে বলা হয়, ছয় ঘণ্টা বিশ্রাম নিলে তিনি সুস্থ হয়ে যাবেন।

কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে শাহিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের দাবি, তার অবস্থার অবনতি হলেও সময়মতো অ্যান্টিভেনম দেওয়া হয়নি।

শাহিনের জেঠাতো ভাই মো. সাব্বির আলী বলেন, ‘আমি পুরোটা সময় শাহিনের সঙ্গে ছিলাম। প্রথমে রক্ত জমাট বাঁধার পরীক্ষা করিয়ে বলা হয়, কিছু হয়নি। রোগীর শরীরে কোনো বিষ নেই, বিষধর সাপও কামড়ায়নি—এমন কথাও বলা হয়েছিল। অথচ ধীরে ধীরে শাহিনের শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল।’

তিনি বলেন, ‘হাসপাতালে অ্যান্টিভেনম নেই বলেও আমাদের জানানো হয়েছিল। প্রায় দুই ঘণ্টা সময় চলে যাওয়ার পর শাহিনের অবস্থা আরও খারাপ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়। শুরুতেই চিকিৎসা দেওয়া হলে হয়তো শাহিনকে বাঁচানো সম্ভব হতো।’

ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে আবারও কান্নায় ভেঙে পড়েন বাবা শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘তারা চিকিৎসা করতে পারবে না—এটা আমগরে আগেই কইতো। আমরা পুলাডারে মমিসিং (ময়মনসিংহ) নিয়ে যাইতাম। দুই ঘণ্টা সময় নষ্ট কইরা শেষ সময়ে যখন কইলো, তখন আর হাতে সময় নাই। আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেল। আমি এই বিচার কার কাছে দিমু?’

শাহিনের পরিবার জানায়, ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার। ছেলের পড়াশোনার পেছনে দিনমজুরি করে উপার্জন করা অর্থ ব্যয় করেছেন বাবা। সেই ছেলেকেই এখন হারিয়ে শোকে কাতর পুরো পরিবার।

এদিকে চিকিৎসায় অবহেলা ও সময়মতো অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। খবর পেয়ে শাহিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ইমরান বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে। সাধারণত বিষক্রিয়া বেড়ে গেলে বা শ্বাসকষ্ট দেখা দিলে রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। শাহিনকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন। হাসপাতালের রেজিস্টার খাতা দেখে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে এবং শাহিনের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পালংখালীতে এজেন্ট ব্যাংকিং নিয়ে গ্রাহকদের বিক্ষোভ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পালংখালীতে এজেন্ট ব্যাংকিং নিয়ে গ্রাহকদের বিক্ষোভ

যোগফল প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ইসলামী আল-আরাফা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা রাখা টাকা ফেরত না পাওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। টাকা ফেরতের দাবিতে একপর্যায়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ওই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সঞ্চয় ও বিভিন্ন আর্থিক লেনদেন করে আসছিলেন। নিয়মিত নিজেদের কষ্টার্জিত টাকা জমা রাখলেও সম্প্রতি প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে নানা সমস্যার মুখে পড়েন তারা। একপর্যায়ে এজেন্ট ব্যাংকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এলাকায় পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন গ্রাহকরা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার (২২ আগস্ট) গ্রাহকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা জমাকৃত টাকা দ্রুত ফেরত দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের কর্মকর্তারা বিক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গ্রাহকদের দাবি, তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিনের সঞ্চয়ের টাকা ওই এজেন্ট ব্যাংকিংয়ে জমা রেখেছেন। বর্তমানে সেই অর্থ ফেরত না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত টাকা ফেরতের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, গ্রাহকদের বিক্ষোভের ঘটনায় পালংখালী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রকৃতপক্ষে কতজন গ্রাহকের কত টাকা আটকে আছে এবং তাদের অভিযোগের সত্যতা কতটুকু, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এদিকে অভিযোগের বিষয়ে ইসলামী আল-আরাফা এজেন্ট ব্যাংকিংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নিজের অজান্তেই সেই নারী হয়ে উঠছি, যার কল্পনা করতাম: পূজা চেরি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিজের অজান্তেই সেই নারী হয়ে উঠছি, যার কল্পনা করতাম: পূজা চেরি

ছবি সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। অভিনয় দক্ষতা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও চিন্তাভাবনা নিয়েও মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের স্বপ্নের পথে এগিয়ে চলার এক অনন্য অনুভূতি প্রকাশ করেছেন পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজের অজান্তেই সেই নারী হয়ে উঠছি, যার কল্পনা আমি একসময় করতাম।’

ছবিতে পূজাকে সাদা শার্ট ও নীল জিন্সে দেখা গেছে। হাতে ঘড়ি, আঙুলে রিং এবং চোখে স্টাইলিশ সানগ্লাস—সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসির সঙ্গে হাত দিয়ে ফিঙ্গার হার্ট পোজও দিয়েছেন অভিনেত্রী।

পূজার এই ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই তার পরিণত চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পথচলা শুরু করেন পূজা চেরি। পরবর্তী সময়ে ঢালিউডের অন্যতম পরিচিত নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী। এরপর ‘দহন’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

বড়পর্দার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও পূজার সাবলীল উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। অভিনয় ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও নিজের স্বপ্ন ও ব্যক্তিত্বকে নতুনভাবে তুলে ধরার এই প্রচেষ্টা ভক্তদের কাছেও অনুপ্রেরণার হয়ে উঠছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম