ওষুধ সংকটে গাজা, জরুরি চিকিৎসা প্রয়োজন সাড়ে ৩ লাখের বেশি রোগীর
যোগফল প্রতিবেদক:
গাজা উপত্যকায় ৩ লাখ ৫০ হাজারের বেশি রোগীর জরুরি ওষুধ প্রয়োজন বলে জানিয়েছেন প্যালেস্টিনিয়ান মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক মোহাম্মদ আবু আফাশ। শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গাজার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মোহাম্মদ আবু আফাশ জানান, বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর চাহিদা থাকলেও বর্তমানে গাজায় যে পরিমাণ সরবরাহ পৌঁছাচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
তিনি সতর্ক করে বলেন, পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী ও ওষুধ দ্রুত প্রবেশ করতে না পারলে গাজার স্বাস্থ্য পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রয়োজনীয় ওষুধের অভাবে অসুস্থ ও আহত রোগীদের চিকিৎসা দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও বিভিন্ন হামলার তথ্য প্রকাশ করছে।
বুধবার (১৯ আগস্ট) গাজার নুসেইরাত এলাকায় চালানো একটি হামলায় হামাসের এক সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি বাহিনীর দাবি, নিহত ব্যক্তির নাম সাবাহি সামি মাহমুদ শাহাতা। তিনি হামাসের সামরিক শাখার একটি প্লাটুনের কমান্ডার ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী আরও অভিযোগ করেছে, শাহাতা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় অংশ নিয়েছিলেন। একই সঙ্গে ইসরায়েলিদের আটকে রাখার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে দাবি করেছে বাহিনীটি।
এ ছাড়া ২০২৩ সালের নভেম্বরে বন্দিদের মুক্তি দিয়ে রেডক্রসের কাছে হস্তান্তরের সময় আয়োজিত অনুষ্ঠানেও শাহাতা উপস্থিত ছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন